২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারছে না।তবে হতাশার এই সময়েও প্রীতি ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে আজ্জুরিরা।
রবিবার গ্রিসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ইতালি। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড ফ্রানচেস্কো পিও এস্পোসিতো।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি।ম্যাচের ১৮তম মিনিটে জেফ একাতরের পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেন এস্পোসিতো। পরে আরো কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ইতালি আরো কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছায়। তবে ৬৮ মিনিটে ম্যাচে নাটকীয়তা যোগ হয়।আন্তর্জাতিক অভিষেকে নামার মাত্র ১৩ মিনিট পর শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুকা রেজ্জিয়ানি। ফলে ম্যাচের শেষ অংশে ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে
গ্রিসের ক্রিস্টোস জাফেইরিসের একটি শট পোস্টে লাগে। শেষ দিকে ভ্যাঞ্জেলিস পাভলিদিসের প্রচেষ্টা রুখে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
এই জয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন কোচ সিলভিও বালদিনির অধীনে টানা দ্বিতীয় জয় পেল ইতালি। বিশ্বকাপ মিস করার হতাশা থাকলেও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে ইতালিয়ান ফুটবলকে।











































