বিশ্বকাপে নিষিদ্ধ সেই রেফারিকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা

ওমর আরতান। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্টে কোনো ম্যাচ পরিচালনা করতে না পারলেও তাকে পুরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

৩৪ বছর বয়সী আরতান বিবিসিকে জানান, গত সোমবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও একবার প্রবেশের মার্কিন ভিসা গ্রহণ না করে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

একজন মার্কিন সরকারি কর্মকর্তা দাবি করেন, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আরতানকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সোমালিয়ান এই রেফারি।তার দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাকে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি ওই সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর পর তুরস্কের ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তারা তাকে সহায়তা করেন। পরে তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফিরে যান।

তবে বিশ্বকাপে কোনো দায়িত্ব পালন করতে না পারলেও আরতানকে তার নির্ধারিত পুরো টুর্নামেন্ট ফি প্রদান করবে ফিফা। সাধারণত বিশ্বকাপ শেষে রেফারিদের পারিশ্রমিক পরিশোধ করা হয় এবং তারা আগাম সেই অঙ্ক সম্পর্কে অবগত থাকেন না।

এদিকে আরতানকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা।

নিজ দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পাওয়া আরতান জানিয়েছেন, তিনি হতাশ নন এবং ২০৩০ বিশ্বকাপে রেফারিং করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাবেন।

২০২৫ সাল ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। ওই বছর তিনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) বর্ষসেরা পুরুষ রেফারির স্বীকৃতি পান এবং প্রথম সোমালিয়ান হিসেবে কোনো মহাদেশীয় ফাইনাল পরিচালনা করেন। এছাড়া চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন তিনি।

LEAVE A REPLY