আর্জেন্টিনার জালে প্রথম গোল জর্ডানের, মাঠে নামলেন মেসি

ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুই গোলে এগিয়ে থাকার পর জর্ডানের একটি গোল ম্যাচে নতুন উত্তেজনা ফিরিয়ে এনেছে।

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাওতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। এমনকি ৪৮ মিনিটে লো সেলসো আরো একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

এরপর ৫৫ মিনিটে হঠাৎই ম্যাচে ফিরে আসে জর্ডান।ডান প্রান্ত দিয়ে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি  সহজ টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন। এই গোলের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

জর্ডানের গোলের ঠিক পরই লিওনেল মেসিকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি। ৬০ মিনিটে বেঞ্চ থেকে নেমে ম্যাচে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক।সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে শুরুর একাদশে রাখা হয়নি তাকে।


LEAVE A REPLY