খামেনির শেষ বিদায়ে ভারত থেকে যাচ্ছেন যারা

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান আগামী ৪ জুলাই তেহরানে শুরু হওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পারেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলোর মতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা ছাড়াও প্রতিনিধিদলে থাকতে পারেন বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইনও।

কে এই পবিত্র মার্গেরিটা?

আসামের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য নির্বাচিত হন পবিত্র মার্গেরিটা। ২০২৪ সালের জুন থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

১৯৭৪ সালের ১৩ অক্টোবর আসামের মার্গেরিটা শহরে জন্মগ্রহণ করেন তিনি। নিজ শহরে প্রাথমিক শিক্ষা শেষে গুয়াহাটির আসাম টেক্সটাইল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি অসমিয়া মাসিক ‘মায়া’ ও ‘সা রে গা মা’র প্রধান সম্পাদক ছিলেন।এ ছাড়া ২০টিরও বেশি অসমিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র এবং ১০০টির বেশি লোকসংগীত ও সমসাময়িক গানের প্রযোজনা করেন।

২০১৪ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি আসাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আসাম সরকারের চলচ্চিত্র প্রতিষ্ঠান ‘জ্যোতি চিত্রবান ফিল্ম স্টুডিওর’ চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালের এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হন এবং ২০২৪ সালের ৯ জুন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন।

খামেনির শোকানুষ্ঠানের কর্মসূচি

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬ দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানে বিদায় অনুষ্ঠান, ৬ জুলাই রাজধানীতে মূল জানাজার শোভাযাত্রা, ৭ জুলাই পবিত্র নগরী কুমে শোকানুষ্ঠান এবং ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

চীন, রাশিয়া, পাকিস্তান ও কাতারের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তার দেশ থেকে একটি সরকারি প্রতিনিধিদল এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবে।

google news

কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ

LEAVE A REPLY