আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
আগামীকাল বিশ্বকাপের নকআউট পর্বের অভিযান শুরু করতে যাচ্ছে। এবার পা হড়কালেই বিপদ।বিশ্বকাপ শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যাবে। বিশ্বকাপ এখন এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে একটা ছোট্ট ভুলও ডেকে আনতে পারে চরম বিপর্যয়।
ঠিক এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মায়ামিতে বাংলাদেশ সময় আগামী শনিবার (৪ জুলাই) ভোরে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আসরের চমক কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
তবে ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে এখনো তিনটি পজিশনে ধোঁয়াশা কাটেনি। এ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি।
প্রথমত, লেফট ব্যাক হিসেবে কে শুরুর একাদশে থাকবেন? চোট কাটিয়ে ফেরা নিকোলাস তালিয়াফিকো নাকি গ্রুপ পর্বে দারুণ খেলা ফাকুন্দো মেদিনা?
এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন কিনা, তা নির্ভর করছে ক্রিস্তিয়ান রোমেরোর ফিটনেস রিপোর্টের ওপর।
সবচেয়ে বড় প্রশ্ন, আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন? লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজেরও খেলার সম্ভাবনা আছে।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেস ক্যাম্প কানসাস সিটি ছেড়ে গতকাল (১ জুলাই) রাতে মায়ামিতে গেছে আর্জেন্টিনা দল। আজ বৃহস্পতিবার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে অনুশীলন করবে আলবিসেলেস্তেরা। শেষ অনুশীলনে দেখে শুরুর একাদশ ঠিক করবেন স্কালোনি।








































