ছবি : আইস্টক
ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে বঙ্গোপসাগরের নিখোঁজ মাছ ধরা ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে।নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানায় সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা। খবর দ্য ওয়াল
গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর ১৫ জেলেসহ ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল।প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় ট্রলারটি। টানা আট দিন অনুসন্ধানের পর রবিবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।
পুলিশ জানিয়েছে, বন অধিদপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। রাতভর তল্লাশির পর ট্রলারের ভেতর থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়।মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ কাকদ্বীপে পৌঁছেছেন। মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধারকাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূল পর্যন্ত টেনে আনা হয়।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। আশঙ্কা করা হচ্ছে, ট্রলারের ভেতরে বা আশপাশে আরো দেহ আটকে থাকতে পারে।সেই কারণেই দিনভর তল্লাশি অভিযান চলবে বলে জানা গেছে।
সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুরসহ উপকূলবর্তী মৎস্যজীবী মহলে। এখনো নিখোঁজ ৬ জনের খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা।










































