বসুন্ধরা কিংস-আরামবাগ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে
বসুন্ধরা কিংস ১-১ আরামবাগ
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা প্রত্যাশিত হলো না বসুন্ধরা কিংসের। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পথেই ছিল কিংস।কিন্তু রেফারি শেষ বাঁশি বাজানোর আগ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তার গোলে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে কিংসকে চমকে দেন আরামবাগ ক্রীড়া সংঘের সামিন ইয়াসির জুয়েল।
তার গোলে সমতা ফিরলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।সব প্রতিযোগিতা মিলিয়ে সাতবারের মুখোমুখি লড়াইয়ে এই প্রথম কিংসের বিপক্ষে পয়েন্ট পেল আরামবাগ।
ম্যাচে ১৩ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় আরামবাগ। ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা প্রথম দফায় ক্লিয়ার করলেও বল পেয়ে যান স্যামুয়েল ওসেই। ঘানার এই ফরোয়ার্ডের তাড়াহুড়ো করে নেওয়া শট আটকে দেন কিংস গোলকিপার পাপ্পু হোসেন।
ম্যাচের আধা ঘণ্টা পেরোনোর পর ডি বক্সে মনীশ দাঙ্গিকে পেছন থেকে মাহমুদুল কিরণ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট দলকে এগিয়ে নেন অঞ্জন বিস্তা।
৩৫ মিনিটে সতীর্থের পাসে কাজেম শাহ কিরমানি ডান পায়ে শট নেন কাছের পোস্টে। কিন্তু বলের লাইনে থাকা আজাদ ব্যবধান দ্বিগুণ হতে দেননি।
৮০ মিনিটে বক্সে হ্যান্ডবলের দাবি তোলে আরামবাগ।তবে রেফারির সাড়া মেলেনি। এ নিয়ে আরামবাগের কোচ-কর্মকর্তারা ডাগআউট থেকে আপত্তি জানাতে থাকে। তাতে অল্প কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়।
যোগ করা সময়ের শেষ মিনিটে চ্যাম্পিয়ন কিংসকে হতবাক করে দেয় আরামবাগ। সতীর্থের ক্রসে জুয়েল দারুণ হেডে পরাস্ত করেন পাপ্পুকে। উল্লাসে ফেটে পড়ে আরামবাগ। জয়ের দুয়ারে গিয়ে পয়েন্ট হারানোর হতাশা সঙ্গী হয় শিরোপাধারী কিংসের।










































