সংগৃহীত ছবি
রবিবার মানেই মুম্বাইয়ের ‘জলসা’র সামনে ভক্তদের ভিড়। বছরের পর বছর ধরে এই রীতি বজায় রেখেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।ব্যস্ততা কিংবা শারীরিক অসুস্থতা—যে পরিস্থিতিই হোক, অনুরাগীদের সঙ্গে দেখা করার সুযোগ সচরাচর হাতছাড়া করেন না তিনি। তবে এবারের রবিবারের চিত্র ছিল কিছুটা ভিন্ন। বাড়ির বাইরে এসে এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের অভিবাদন জানালেন বিগ বি। আর তার ঠিক পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল ছেলে অভিষেক বচ্চনকে।
সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সাইফ আলী খান, টাইগার শ্রফ, সালমান খান ও রোহিত শেঠিকে ঘিরে একের পর এক নিরাপত্তাজনিত ঘটনার পর নিজেদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তারকারা। কখনো বাড়ির বাইরে গুলিচালনা, কখনো সরাসরি হামলার চেষ্টা—এমন পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। সম্প্রতি অক্ষয় কুমারের বাড়ির বাইরেও বুলেটপ্রুফ কাচের ব্যবস্থা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
এর মধ্যেই অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকির খবর সামনে আসে। ঘটনার পর মুম্বাই পুলিশ তার বাসভবন ‘জলসা’র নিরাপত্তা জোরদার করে। ধারণা করা হচ্ছে, সেই সতর্কতার অংশ হিসেবেই এবার বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাচের ঘেরাটোপের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানাচ্ছেন অমিতাভ। তার পাশেই উপস্থিত অভিষেক।বাবার নিরাপত্তা নিশ্চিত করতে ছেলের এমন উপস্থিতিও নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘আমাদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে স্যার। একেবারেই চিন্তা করবেন না।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘এটা খুবই ভালো সিদ্ধান্ত।’ আবার কেউ লিখেছেন, ‘গোটা দেশ অমিতজিকে ভালোবাসে, তার নিরাপত্তার কোনও প্রয়োজন নেই।’
তবে সব মন্তব্যই যে আবেগঘন, তা নয়। কয়েকজন অভিষেককে নিয়েও মজা করেছেন। এক অনুরাগীর মন্তব্য, ‘যত বড় এবং সফল মানুষ, তত ভয়। অভিষেককে দেখুন, কী নিশ্চিন্তে দাঁড়িয়ে রয়েছেন!’
সব মিলিয়ে অমিতাভের এবারের রবিবারের সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। দীর্ঘদিনের রীতি মেনে ভক্তদের সামনে হাজির হলেও নিরাপত্তার কারণে এবার তার সঙ্গে অনুরাগীদের মাঝে ছিল বুলেটপ্রুফ কাচের দেয়াল।











































