দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

ছবি : রয়টার্স

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরো তিনজন আহত হয়েছেন।

সংস্থাটি জানায়, হামলার পর প্যারামেডিকরা ধ্বংসস্তূপের মধ্যে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৬ জুন লেবানন ও ইসরায়েল একটি ‘কাঠামো চুক্তি’ ঘোষণা করার পর এ হামলাকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। ওই চুক্তিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা আজ শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালিতে একটি বাল্ক কার্গো জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তুটি জাহাজটির মূল কাঠামোতে আঘাত করে।

সংস্থাটি জানায়, জাহাজটির সব ক্রু নিরাপদে আছেন। তবে এখন পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও এখনো জানা যায়নি।

LEAVE A REPLY