‘যেখানেই ঝামেলা, সেখানেই স্টোকস’—ইংল্যান্ডের ক্রিকেটে ফের নাইট ক্লাব কাণ্ড

ছবি: ভিডিও থেকে নেওয়া

পেসার ব্রাইডন কার্সকে ঘিরে নতুন করে বিতর্কে ইংল্যান্ডের ক্রিকেট। ডার্বির একটি নাইট ক্লাবের বাইরে কার্সকে পুলিশের হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে।সেখানে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসও। ঘটনাটি তদন্ত করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য কার্সকে ঘিরে রেখেছেন। পিছমোড়া করে তাকে হাতকড়া পরানো হয়েছে।এ সময় কাউন্টি ক্লাব ডারহামের এক সতীর্থের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। তাদের পাশেই ছিলেন বেন স্টোকস। তবে কার্সের ঘটনায় স্টোকস জড়িত ছিলেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ডার্বিতে কার্স গিয়েছিলেন ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে।ডারহাম ম্যাচটি জেতে ৩৩৮ রানে। ম্যাচ শেষে দলের কয়েকজন খেলোয়াড় উদযাপন করতে নাইট ক্লাবে যান। ওই সময়ই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। কার্স ম্যাচে ২ উইকেট নিয়েছেন। স্টোকস দুই ইনিংসেই করেছেন ফিফটি, পাশাপাশি নিয়েছেন ৭ উইকেট। 

ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কার্সকে পুলিশ কিছু সময়ের জন্য আটক রাখে। পরে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়। ঠিক কি কারণে পুলিশ তাকে হাতকড়া পরিয়েছিল তা এখনো পরিষ্কার নয়।

ইসিবি বলেছে, ‘ডার্বিতে গত রাতে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত এবং বিষয়টি বর্তমানে তদন্ত করছি। আমরা পরবর্তী সময়ে আরো তথ্য জানাব।’

মূলত স্টোকসের কারণেই ঘটনাটি নিয়ে বেশি আলোচনা চলছে। এর আগেও নাইট ক্লাব সংক্রান্ত ঘটনায় স্টোকস ও গাস অ্যাটকিনসন ইসিবির তদন্তের মুখে পড়েছিলেন। পরে দুজনকে গুরুতর অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হলেও দলীয় নিয়ম ভঙ্গের কারণে লিখিত সতর্কবার্তা দেওয়া হয়।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে আছেন ব্রাইডন কার্স। ২৭ আগস্ট লর্ডসে শুরু হতে যাওয়া ম্যাচে তার খেলা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর। 

কার্সকে হাতকড়া পরানোর ভিডিওতে স্টোকসকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা নানা মন্তব্য করেছেন। একজন স্টোকসকে নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, ‘যেখানেই ঝামেলা, সেখানেই স্টোকস’।

LEAVE A REPLY