‘আমি তো নিজেকে সুপারস্টার মনেই করি না’

দিনটা ছিল রবিবার। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগমুহূর্ত।

রাজধানীর তিনশ ফিট পেরিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্কে তখন ব্যস্ত শুটিং ইউনিট। মাসরিকুল আলমের পরিচালনায় নতুন নাটক ‘নীলপরী’র দৃশ্যধারণ চলছে পুরোদমে। পার্কের ভেতরে গাড়ি রেখে লাইব্রেরির দিকে এগোতেই ভেসে আসে ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’—এর পরিচিত ডাক। তখন একটি দৃশ্যের শুটিং চলছিল।

শট শেষ হতেই দেখা শার্লিন ফারজানা ও জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে।

হাত বাড়িয়ে শার্লিনের উচ্ছ্বসিত অভ্যর্থনা, ‘আরেহ, তুমি!’ পাশ থেকে অপূর্বর মজার মন্তব্য, ‘কীরে, ইমরুল! পুরো টিম নিয়ে চলে আসলি নাকি! আজকে সময় দিতে দিতে পারব বলে তো মনে হচ্ছে না।’

এরপর প্রোডাকশন টিমকে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতে বলে আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা। দিনের আলো ফুরিয়ে যাওয়ার আগেই কাজ শেষ করার তাড়া।

তাই কিছুক্ষণ সময় চেয়ে নেন। শুটিং শেষে অবশ্য আড্ডা ও গল্পে সময় দেন অপূর্ব ও শার্লিন।

অপূর্ব-শার্লিন

শুরুতেই কথা হয় ‘নীলপরী’ নাটক নিয়ে। গল্পের খুব বেশি রহস্য ফাঁস করতে চাননি অপূর্ব। তবে দর্শকদের জন্য নাটকটিতে চমক থাকছে বলেই ইঙ্গিত দিলেন তিনি।

অপূর্ব বলেন, ‘গল্পের ধরণটা সম্পর্কে যদি বলি তাহলে বলব, ক্যাচি স্টোরি। দর্শকদের হুক করার জন্য কিছু মজার মজার উপদান আছে এখানে, তারপর গল্পটা অন্যদিকে মোড় নেয়। সেই মোড়টাও দর্শকের কাছে ভালো লাগবে, আশা করি।’

গল্প নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও সেসব নিয়ে ভাবছেন না অভিনেতা। তাঁর মতে, অনেকে অনেক কিছু ভাবতেই পারেন। আসল গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে নাটকটি দেখা পর্যন্ত।

বছর দুয়েক আগে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অপূর্ব ও শার্লিনকে দেখা গেলেও সেখানে তাঁরা জুটি হিসেবে কাজ করেননি। এর আগে ‘ভালোবাসার ফানুশ’ নাটকে জুটি বেঁধেছিলেন দুজন। দীর্ঘ প্রায় ছয় বছর পর ‘নীলপরী’তে আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা।

পুরোনো সহশিল্পীকে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত অপূর্ব। তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে অনেকদিন পর শার্লিনের সঙ্গে কাজ করতে পারছি। বলে না যে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। তার মানে এই না যে, এখন যারা আছে তারা আবার খারাপ। কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। আমরা অনেক আগের জুটি, একসঙ্গে কাজ করেছিলাম। মাঝে ও একটা বিরতি নিয়েছিল ক্যারিয়ার থেকে। এখন আবার এসেছে। ওর সেই অরা, ম্যাজিকটা আবার এখানে দেখাচ্ছে। আমার খুব ভালো লাগছে। আমাদের ক্যামিস্ট্রি তো আগেই তৈরি করা। নতুন কারো সঙ্গে কাজ করার চেয়ে পুরনো সহশিল্পীদের সঙ্গে কাজ করতে আমার জন্য সহজ হয়, এটার আনন্দটাও অন্যরকম।’

অপূর্ব

অপূর্বর এমন প্রশংসা শুনে পাশে বসা শার্লিনকে কিছুটা লাজুক হয়ে পড়তে দেখা যায়। বিষয়টি নজর এড়ায়নি অপূর্বরও। মজা করে তিনি বলেন, ‘ও অনেক বিনয়ী, এ জন্য লাজুক হয়ে আছে।’

অপূর্বর কথার সূত্র ধরেই শার্লিন বলেন, ‘এই ভালো লাগাটার জন্যই কাজ করি। এই ভালো লাগাটা মিসিং ছিল বলেই বিরতিটা লম্বা ছিল। আই এম ভেরি ব্লেসড, অনেক দিন পর আবার উনার সঙ্গে কাজ করতে পারছি। বেশির ভাগ কাজে কী হয়, আমাদের চিন্তা করতে হয় যে আমাদের কতখানি দেখা যাচ্ছে, আমার কাজটা ঠিকমতো হচ্ছে কি না! সেখানে অপূর্ব ভাইয়া তো সুপারস্টার, উনার তো একটা অন্যরকম বৃহৎ ক্যানভাস রয়েছে, যার কারণে উনার সঙ্গে কাজ করলে সবাই আসলে মজে যায়। অপূর্ব ভাইয়া এটা দেখে এবং বের করে যে, না; শার্লিনের এটা মনে হয় আরো ভালোভাবে নেওয়া দরকার।’

শার্লিনের কথা শেষ হওয়ার আগেই অপূর্ব বলেন, ‘এটা সহশিল্পীর কাজ।’ তবে শার্লিনের পাল্টা জবাব, ‘সব সহশিল্পীরা এটা করে না।’ এরপর অপূর্ব বলেন, ‘তাহলে আমি ভীষণ ভাগ্যবান যে, তোমাদের মতো সহশিল্পী পেয়েছি।’

কাজের সময় অপূর্বর কাছ থেকে কখনো ‘সুপারস্টারসুলভ’ আচরণ বা পুরুষতান্ত্রিক আধিপত্য অনুভব করেননি বলেও জানান শার্লিন। তিনি বলেন, ‘উনার সঙ্গে কাজ করে সুপারস্টার বা মেল ডমিনেশন অনুভব করিনি কখনো।’ সঙ্গে সঙ্গেই অপূর্বর উত্তর, ‘আমি তো নিজেকে সুপারস্টার মনেই করি না, ডমিনেট কী করতে যাব!’

কিছুদিন আগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে অপূর্বর একক সংগীতানুষ্ঠান। অভিনয়ের পাশাপাশি তাঁর গানের প্রতিভাও মুগ্ধ করেছে দর্শক ও সহকর্মীদের। 

সেই প্রসঙ্গ উঠতেই অভিনেতার প্রশংসায় শার্লিন বলেন, ‘উনি খুব সুন্দর গান করেন। আমার বিরতির আগে আমার অভিনীত একটা নাটকে অপূর্ব ভাইয়া গান করেছিলেন। আরেকটা বিষয় সবাই জানে কি না আমি জানি না। উনি অসম্ভব সুন্দর গান লেখে। আর গান তো দারুণ গায়।’

অপূর্ব-শার্লিন

ছোট পর্দার বড় ছেলে’কে বড় পর্দায় কবে দেখা যাবে, তা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। এ বিষয়ে জানালেন, বর্তমানে চারটি সিনেমার গল্প নিয়ে আলোচনা চলছে।

তবে বিস্তারিত বলতে নারাজ তিনি। অপূর্ব বলেন, ‘আমার মনে সিনেমার কথাগুলো বলা উচিত হয়নি, যেহেতু বলে ফেলেছি তাই বলছি, হ্যাঁ। কথা হচ্ছে। চারটি সিনেমার গল্পই চার ধরণের। কথা অনেকদূর এগিয়েছে, তবে সবকিছু কমপ্লিট হলে তবেই বিস্তারিত জানাব।’

প্রায় আট বছর আগে এফডিসিতে ‘রাজকুমার’ নাটকের শুটিংয়ের সময় শাকিব খানের সঙ্গে দেখা হয়েছিল অপূর্বর। তখন দুজন একে অপরের কাজের জন্য শুভ কামনা জানিয়েছিলেন, একসঙ্গে ছবিও তুলেছিলেন।

বর্তমানে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে কি না এবং মাল্টিকাস্টিং সিনেমার এই সময়ে তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্ন করলে জবাবে অপূর্ব বলেন, ‘এত বড় একজন স্টারের খোঁজ তো আসলে প্রতিদিন পাওয়া যায়। মিথ্যা বলব না, যোগাযোগটা একটু কম। আর এর কারণ হচ্ছে, উনার সব খবরই আমি পাই, কিন্তু আমি জানি না, আমার খবর উনি পান কি না! আমি তো তাকে দেখি ফেসবুকে কিংবা নিউজে, যেহেতু বিনোদন অঙ্গনের একটা বড় অংশ জুড়ে সে থাকে। আর একসঙ্গে কাজের বিষয়ে কোনো কথা হয়নি বা তেমন কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। যদি আসে তাহলে নিশ্চয়ই কাজ করতে চাই। আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম।’

LEAVE A REPLY