সংগৃহীত ছবি
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ব্র্যাডলি বারকোলাকে এনফিল্ডে উড়িয়ে আনতে ট্রান্সফার উইন্ডো বন্ধের ঠিক আগমুহূর্তে নতুন করে আলোচনা শুরু করেছে লিভারপুল। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই ফরাসি উইঙ্গারকে দলে ভেড়াতে মরিয়া ইংলিশ জায়ান্টরা।
চলতি মাসের শুরুতেই বারকোলার জন্য প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের (১২২.৩ মিলিয়ন ডলার) একটি প্রস্তাব দিয়েছিল অলরেডরা, যা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে পিএসজি। ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়নদের স্পষ্ট বার্তা, ২৪ বছর ছুঁই ছুঁই এই তারকার বিনিময় মূল্য হতে হবে অন্তত ১৩৫ মিলিয়ন পাউন্ড (১৮৪.২ মিলিয়ন ডলার)।
তবে এনফিল্ডে বারকোলার আগমন নির্ভর করছে আরেক ডাচ তারকা কোডি গাকপোর ওপর। টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির নজরে থাকা গাকপো ক্লাব ছাড়লে যে অর্থ আসবে, তা দিয়েই লিওঁর সাবেক তারকা বারকোলাকে কেনার রাস্তা পরিষ্কার করবে লিভারপুল।
আশ্চর্যের বিষয় হলো, পুরো গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলের প্রথম পছন্দ বারকোলার সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীর সমঝোতা অনেক আগেই সেরে রেখেছে অলরেডরা। পিএসজিতে চুক্তির আরও দুই বছর বাকি থাকা বারকোলা অবশ্য ক্লাব ছাড়তে কোনো জোড়াজুড়ি করছেন না, প্যারিসে থেকে যেতেও তার কোনো আপত্তি নেই।
আগামী ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে চুক্তিটি সম্পন্ন হবে বলে আশাবাদী উভয় পক্ষই। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লিভারপুলের কাছ থেকে আরও একটি বড় অঙ্কের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে পিএসজি, যা এই দলবদলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসও ইঙ্গিত দিয়েছেন, দলবদলের বাজারে এখনো অনেক কিছুই ঘটা সম্ভব।
সম্প্রতি বিশ্বকাপ শেষ করে আসা বারকোলা অবশ্য চলতি মৌসুমে পিএসজির তিন ম্যাচের একটিতেও মাঠে নামেননি।









































