২৫% মালিকানা চেয়েছিলেন ধোনি, রাজি হয়নি চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস যেন সমার্থক। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির এত জনপ্রিয়তা মূলত তাদের কিংবদন্তি এই অধিনায়কের কারণেই।

ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা ধোনি চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ মালিকানা চেয়েছেন—কদিন ধরে এমন খবর ঘিরে ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন, এত বড় অংশীদারত্ব পাওয়ার দাবি বাস্তবসম্মত নয়।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের মালিকানায় ২৫ শতাংশ অংশীদারত্ব চেয়েছিলেন ধোনি। পরে তার দাবি কমে ২০ শতাংশে নেমে আসে।তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রস্তাব ছিল ৫.৫ শতাংশের। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।

ধোনির এই দাবির ব্যাপারে আকাশ চোপড়া বলেছেন, চেন্নাই সুপার কিংসের বর্তমান বাজারমূল্য বিবেচনায় ২৫ শতাংশ মালিকানা মানে বিপুল অর্থের অংশীদার হওয়া। তার ভাষায়, ‘কেউ কাউকে ৪০ কোটি ডলার দেয় না।ধোনির মতো ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক ও অবদান গুরুত্বপূর্ণ হলেও মালিকানার এত বড় অংশ দেওয়া সহজ সিদ্ধান্ত নয়।’

ধোনি ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে আছেন। তার নেতৃত্বে দলটি রেকর্ড পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে দুবার। 

চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির দীর্ঘ সম্পর্কের পরও মালিকানার অংশীদারত্ব নিয়ে এমন আলোচনা নতুন মাত্রা যোগ করেছে। 

তবে এশিয়া নেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ধোনি বিনা মূল্যে চেন্নাইয়ের অংশীদারত্ব চাননি; বরং নিজের টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন।তবে ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা বিভাগ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছে বলে মনে হচ্ছে। 

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে, যা ২০২৭ আইপিএলের আগে আরো বড় আকার ধারণ করতে পারে। সমঝোতা না হলে ধোনি আইপিএলে আর কখনো খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

চোটের কারণে এ বছরের আইপিএলেও খেলতে পারেননি ৪৫ বছর বয়সী ধোনি। 

LEAVE A REPLY