আলজেরিয়ার ফুটবলার জাওয়েন হাদজাম। ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন তার গতি, আক্রমণাত্মক মনোভাব ও বল নিয়ন্ত্রণে দক্ষতা দেখে এতটাই মুগ্ধ যে, তাকে দলে ভেড়াতে দ্বিতীয়বার ভাবেনি।
সম্প্রতি সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজের কাছ থেকে ৯৫ লাখ পাউন্ডে (১৫৮ কোটি টাকা) ছাড়িয়ে নেওয়ার পর তাকে আধুনিক যুগের লেফট-ব্যাক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ব্রাইটন।
এই ফুটবলারের নাম জাওয়েন হাদজাম। ২৩ বছর বয়সী এই আলজেরিয়ান ডিফেন্ডার সম্প্রতি ব্রাইটনে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায়। আলোচনাটা ৩ বছর আগের এক ঘটনার কারণে।
২০২৩ সালে রমজান মাসে রোজা রেখে খেলতে চাওয়ার কারণে হাদজামকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।সেই সময় তিনি ছিলেন ফ্রান্সের ক্লাব নঁতে।
নঁতের তৎকালীন কোচ আঁতোয়ান কোমবুয়ারে ম্যাচের দিনে খেলোয়াড়দের রোজা রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু হাদজাম রোজা ভাঙতে রাজি হননি। তাই রাঁসের বিপক্ষে ম্যাচের আগে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।
২০২৪ সালে নঁতে ছেড়ে ইয়াং বয়েজে যোগ দেন হাদজাম। সুইস ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৮ ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি তার পারফরম্যান্সে নজর পড়ে ব্রাইটনের।
ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্ম নেওয়া জাওয়েন হাদজাম দেশটির বয়সভিত্তিক দলে খেললেও ২০২৩ সালে বাবা-ময়ের দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত আলজেরিয়ার হয়ে ২১ ম্যাচ খেলেছেন তিনি।সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন ৩ ম্যাচ।
নঁতে থেকে বাদ পড়ার সেই ঘটনা বেশ পুরোনো হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে ১৫৮ কোটি টাকায় বিক্রি হওয়াতেই নতুন করে আলোচনায় এসেছেন হাদজাম।
যাকে একদিন বলা হয়েছিল ‘রোজা রেখে খেলতে পারবে না’, সেই মানুষটাই নিজের ধর্মীয় নীতিতে অটল থেকে নতুন স্বপ্ন পূরণের পথে হাঁটছেন।








































