বাংলাদেশকে চাপে রেখে প্রথম দিন পার দক্ষিণ আফ্রিকার

পচেফস্ট্রুমে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর। 

টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ ‘এ’ শুরুতে দ্রুত উইকেট তুলে নিলেও পরে স্বাগতিক ব্যাটারদের সামনে আর তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।দিন শেষে ৮৯ ওভারে ৪ উইকেটে ৩৭২ রান করেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’।

শুরুতেই শেপাং দিথোলেকে ৪ রানে ফিরিয়ে দেন মুশফিক হাসান। এরপর জুবায়ের হামজা ও লেসেগো সেনোকোয়ানে ১৫১ রানের জুটি গড়েন। ১০৪ বলে ৬৮ রান করে রেজাউর রহমান রাজার বলে আউট হন হামজা।কিছুক্ষণ পরেই মার্কেস অ্যাকারম্যানকে (৪) ফেরান হাসান মুরাদ।

১৬৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও এরপর বাংলাদেশের বোলারদের আর সুযোগ দেননি সেনোকোয়ানে ও সাইনেথেম্বা কেশিল। চতুর্থ উইকেটে দুজনের ১৮২ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’।

১৬৯ বলে ১১১ রান করে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সেনোকোয়ানে।তার ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। তবে তার বিদায়ের পরও রান থামেনি। কেশিল ও গ্যাভিন কাপলান অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন।

কেশিল ১৪৫ বলে ১১১ রানে অপরাজিত। তিনি মেরেছেন ১৫টি চার ও একটি ছক্কা।কাপলান ৯৯ বলে ৭২ রান নিয়ে অপরাজিত আছেন।

বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে মুশফিক ১টি উইকেট নিতে ১২ ওভারে দিয়েছেন ৪৭ রান। রাজা ১৪ ওভারে ৬৯, নাঈম ১০ ওভারে ৯২ এবং হাসান মুরাদ ৩২ ওভারে ১১৪ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ স্পষ্টতই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হাতে। আজ দ্বিতীয় দিনে নিশ্চয় রানের পাহাড় গড়তে চাইবে স্বাগতিকরা। 

প্রিটোরিয়ার প্রথম আনঅফিশিয়াল টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

LEAVE A REPLY