১৮৭ কোটি ডলারের বিবাহবিচ্ছেদ!

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গেমিং জায়ান্ট স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তার সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন বা প্রায় ১৮৭ কোটি ডলার সমমূল্যের সম্পদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার আদালতের রায়ে স্মাইলগেটে কওনের ৩৫ শতাংশ মালিকানা লি হোয়া-জিনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। এই অংশের বর্তমান মূল্য প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ওন। পাশাপাশি সাবেক স্ত্রীকে আরো ৬৫ বিলিয়ন ওন নগদ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কওন দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ভিডিও গেম কম্পানি স্মাইলগেট প্রতিষ্ঠা করেন এবং দেশটির অন্যতম ধনকুবের।প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের মামলায় লি হোয়া-জিন স্মাইলগেটের ৫০ শতাংশ মালিকানা দাবি করেছিলেন। 

এদিকে ব্লুমবার্গের হিসাবে তার সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, কম্পানিটি প্রতিষ্ঠার সময় তিনি অর্থায়নে সহায়তা করেছিলেন বলে তার আইনজীবীরা আদালতে যুক্তি দেন। একই সঙ্গে ২০ বছরেরও বেশি সময় ধরে সন্তানদের লালন-পালন ও সংসার দেখাশোনায় তার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে কওনের দাবি ছিল, তার সাবেক স্ত্রী কম্পানিতে অর্থ বিনিয়োগ করেননি এবং সেখানে কাজও করেননি। চলতি বছরের শুরুতে স্মাইলগেটও জানিয়েছিল, কম্পানির প্রাথমিক মূলধনের পুরোটাই কওন সরবরাহ করেছিলেন।

বিবিসি বলছে, এই রায় দক্ষিণ কোরিয়ার আগের বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির রেকর্ডের দ্বিগুণেরও বেশি। এর আগে এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-উনকে তার সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরে সুপ্রিম কোর্ট সম্পদের মূল্য নির্ধারণে হিসাবের ভুল উল্লেখ করে সেই রায় বাতিল করে মামলাটি পুনর্বিবেচনার নির্দেশ দেন।

কওন ও লি—উভয় পক্ষই আদালতের বর্তমান রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এদিকে স্মাইলগেটের এক মুখপাত্র কওনের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে প্রতিষ্ঠানটি নিয়মিত তাদের দায়িত্ব পালন করে যাবে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY