দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক মহড়ার জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের পাঁচ দিনব্যাপী যৌথ নৌ-মহড়া শেষ হওয়ার একদিন পরই নতুন করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, ওয়াশিংটন ও সিউলের মধ্যকার ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের প্রতিবাদেই পিয়ংইয়ং এ পদক্ষেপ নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ পাড়ি দেয়। উৎক্ষেপণের পর থেকেই দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা তথ্য বিশ্লেষণ শুরু করে এবং দ্রুত জাপানের সঙ্গেও এ সংক্রান্ত তথ্য ভাগ করে নেয়। দক্ষিণ কোরিয়ার উপকূলে অনুষ্ঠিত তিন দেশের ‘ফ্রিডম এজ’ যৌথ মহড়াকে উত্তর কোরিয়া এই অঞ্চলের জন্য সরাসরি হুমকি বলে আখ্যা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ফের বৈঠকের ইচ্ছা প্রকাশ করলেও পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। এর আগে গত ২০ আগস্টও সমুদ্র অভিমুখে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি।

ওয়াশিংটন ও সিউলের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়াকে উত্তর কোরিয়ার প্রতি অনুপযুক্ত ও বৈরী অভিহিত করে তা সংক্ষিপ্ত করার নির্দেশ দেন ট্রাম্প। এতে অঞ্চলের মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও ওয়াশিংটন-পিয়ংইয়ং বৈঠকের পথ সুগম হতে পারে বলে ধারণা করছে সিউলের গোয়েন্দা সংস্থা।এ ছাড়া প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, কিমের সঙ্গে দূরত্ব কমানো জরুরি এবং পিয়ংইয়ংয়ের কাছে বর্তমানে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে দাবি করে আসছে। যৌথ মহড়ার পরিমাণ কমিয়ে আনা সম্পর্কিত ট্রাম্পের সিদ্ধান্তকে সিউলের জন্য একধরনের শাস্তি হিসেবে বর্ণনা করেছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এক বিবৃতিতে তিনি বলেন, সিউলের ভুল নিরাপত্তা নীতির কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ককে তিনি ‘প্রভু ও ভৃত্য’-এর সম্পর্ক বলে কটাক্ষ করেন।

LEAVE A REPLY