আমির খানের সুপারহিরো চমক

সংগৃহীত ছবি

বলিউডে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থাকেন আমির খান। এবার শোনা যাচ্ছে, একেবারে নতুন লুকে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও নির্মাতা আর বাল্কির নতুন সুপারহিরো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে আলোচনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে এর গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে। 

‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবটি ইতিবাচকভাবেই নিয়েছেন আমির।তবে এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি তিনি।

জানা গেছে, আগামী কয়েক মাস গল্প, চিত্রনাট্য ও মূল চরিত্রের নকশা তৈরিতে মনোযোগ দেবেন নির্মাতারা। বড় বাজেটের এই সিনেমার জন্য শুটিং শুরুর আগেই প্রাক্‌-প্রযোজনা ও চরিত্রের লুক নির্ধারণে দীর্ঘ সময় নেওয়ার পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমির।

প্রকল্পটি চূড়ান্ত হলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কি দুজনের সঙ্গেই এটিই হবে আমির খানের প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এর আগে কখনো একসঙ্গে কাজ করেননি তারা।

অন্যদিকে ‘চীনি কম’, ‘পা’, ‘কী অ্যান্ড কা’, ‘প্যাড ম্যান’ ও ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর মতো ভিন্নধর্মী সিনেমা নির্মাণ করে আলাদা পরিচিতি তৈরি করেছেন আর বাল্কি। 

তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে নিয়ে সিনেমা বানানোর প্রসঙ্গে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেছিলেন, আমি যদি এখন তাদের নিয়ে সিনেমা বানানোর কথা ভাবি, তবে কাজ শুরু করতে করতে বুড়ো হয়ে যাব… তার চেয়ে বরং ব্যবহারিক হওয়া ভালো।

এদিকে আমির খানকে ঘিরে ‘রেস ৪’ নিয়েও আলোচনা চলছে।তবে সুপারহিরো সিনেমা ও ‘রেস ৪’ দুটিই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। অভিনেতার পরবর্তী নিশ্চিত সিনেমা হিসেবে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক স্পোর্টস ড্রামা ‘ললকারা’। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির শুটিং ২০২৬ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল নিয়েও পরবর্তী সময়ে কাজ করার কথা রয়েছে আমিরের। 

LEAVE A REPLY