জামালপুরের মেলান্দহে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. এনামুলকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামি এনামুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম হিমন, এএসআই মো. আওয়াল, আবু রায়হান ও কনস্টেবল মো. তাহের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এনামুলকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় আসামির বাড়িতে যায়।সেখানে এনামুলকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। পরে থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর এনামুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এনামুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় মামলা করা হয়েছে।











































