মঞ্চ দিয়ে শোবিজে পথচলা শুরু হলেও একটা সময়ে উপস্থাপনায় থিতু হন মাহমুদা মাহা। টেলিভিশনের পাশাপাশি ব্যস্ততা বাড়তে থাকে করপোরেট শোতেও।তবে সাম্প্রতিক সময়ে অভিনয়েও মনোযোগী হয়েছেন এই তরুণী।
কিছুদিন আগে অন্তর্জালে মুক্তি পেয়েছে মাহা অভিনীত দুটি নাটক ‘শয়তানের নিঃশ্বাস’ ও ‘সে আমার প্রথম প্রেম’। দুটি নাটকেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে বলে জানিয়েছেন মাহা। বিশেষ করে ‘সে আমার প্রথম প্রেম’ নাটকটি নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত তিনি।
নাটকটি দেখে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটির প্রেমে পরলাম। গল্প আর অভিনয়ের অনন্য প্যাকেজ। নাওভী ও মাহমুদা মাহার অভিনয়ের প্রেমে পড়তে হয়েছে নাটকটা দেখে। মাহার লুক, সাবলীল গেটআপ ছিল কনটেন্টটির অন্যতম আকর্ষণ।’

আরেক দর্শকের মন্তব্য, ‘‘বলছিলাম ‘সে আমার প্রথম প্রেম’ নাটকের কথা। নাওভি ও মাহমুদা মাহা অভিনয় করেছে নাটকে। তবে অপলক মাহাকেই দেখতে হয়েছে। নৌকায়, সরিষা ক্ষেতে, বিমর্ষ অবস্থায়—সবক্ষেত্রেই স্নিগ্ধ, সুন্দর। অভিনয়ে ছিল পরিপক্বতা।’’
দর্শকের এমন প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত মাহমুদা মাহা। তিনি বলেন, ‘‘দুটি কাজ দুই ধরনের। দুটোকেই দর্শকরা পছন্দ করছেন। তবে ‘সে আমার প্রথম প্রেম’ নাটকটি নিয়ে অনেক বেশি ইতিবাচক সাড়া পাচ্ছি। সবাই আমার অনেক প্রশংসা করছেন। কেউ লুকের, কেউ আবার অভিনয়ের। দর্শকরা নাওভির সঙ্গে আমাকে আরো বেশি দেখতে চাইছেন। ভালো লাগছে তাদের এরকম প্রতিক্রিয়া দেখে।’’
উপস্থাপনায় নিয়মিত থাকলেও এখন অভিনয়ে আরো বেশি সময় দিতে চান মাহা। তার কথায়, ‘উপস্থাপনা তো করছি। তবে এখন অভিনয়ে বেশি সময় দিতে চাই। আরো অনেক বেশি কাজ করতে চাই।’
এদিকে চলতি মাসেই ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। এই ব্যান্ডের কনসার্ট উপস্থাপনা করা মাহার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ‘ওয়েভ ফেস্ট : এঞ্জয় দ্য ফুল মুন’ শীর্ষক কনসার্টটি উপস্থাপনা করবেন তিনি।
উপস্থাপনার পাশাপাশি এর আগেও একাধিক নাটকে অভিনয় করেছেন মাহমুদা মাহা। বড় পর্দাতেও দেখা গেছে তাকে। ‘মেঘ রোদ্দুর খেলা’ ও ‘দুঃসাহসী খোকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
উপস্থাপনা থেকে অভিনয়—দুই মাধ্যমেই ধীরে ধীরে নিজের পরিসর তৈরি করছেন মাহমুদা মাহা। সামনে অভিনয়ে আরো নিয়মিত হওয়ার ইচ্ছার কথাই জানালেন এই তরুণী।










































