সংগৃহীত ছবি
বাড়িতে একসঙ্গে টিভি, মোবাইলের চার্জার, রাউটার কিংবা ল্যাম্প চালাতে মাল্টিপ্লাগের ব্যবহার এখন খুবই সাধারণ। কিন্তু সুবিধার জন্য ব্যবহার করা এই ছোট্ট যন্ত্রটিই কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে।বিশেষ করে বেশি বিদ্যুৎ খরচ করে এমন কিছু বৈদ্যুতিক যন্ত্র মাল্টিপ্লাগে সংযুক্ত করলে অতিরিক্ত চাপ পড়ে আগুন লাগা বা যন্ত্র নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
তাই ঘরে থাকা সব বৈদ্যুতিক যন্ত্র মাল্টিপ্লাগে লাগানো নিরাপদ নয়। বিশেষজ্ঞদের মতে, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হিটারসহ কয়েক ধরনের যন্ত্র সরাসরি দেয়ালের সকেটে সংযোগ করাই নিরাপদ। কোন কোন যন্ত্র মাল্টিপ্লাগে ব্যবহার করা উচিত নয়, জেনে নিন।
তাই যেসব যন্ত্র মাল্টিপ্লাগে ব্যবহার না করাই ভালো, সেগুলো হলো—
১. ফ্রিজ ও ডিপ ফ্রিজ
ফ্রিজ ও ডিপ ফ্রিজ দীর্ঘ সময় একটানা চলে এবং কম্প্রেসর চালু হওয়ার সময় তুলনামূলক বেশি বিদ্যুৎ টানতে পারে। তাই এগুলোর জন্য স্থিতিশীল বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মিস্টার স্পার্কি’র সহসভাপতি ড্যানিয়েল মক রিয়েলসিম্পল ডটকমকে বলেন, ফ্রিজ বা ফ্রিজার পাওয়ার স্ট্রিপে সংযুক্ত করলে সার্কিট ট্রিপ করতে পারে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে।
‘লাইভওয়্যার ইলেকট্রিক্যাল’-এর প্রধান ববি লিনের মতে, এসব যন্ত্রের উচ্চ বিদ্যুৎ চাহিদার কারণে ভোল্টেজ ওঠানামা করলে কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ফ্রিজ ও ডিপ ফ্রিজ সরাসরি দেয়ালের উপযুক্ত সকেটে ব্যবহার করাই নিরাপদ।
২. মাইক্রোওয়েভ ওভেন
রান্নাঘরের আরেকটি বিদ্যুৎখেকো যন্ত্র মাইক্রোওয়েভ। এটি চালু হলে ১২ থেকে ১৫ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হতে পারে। সাধারণ মাল্টিপ্লাগ এই ধরনের লোডের জন্য উপযুক্ত নাও হতে পারে।
ড্যানিয়েল মকের ভাষ্য, মাল্টিপ্লাগে মাইক্রোওয়েভ চালালে অতিরিক্ত লোড পড়ে সার্কিট অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়। রান্নাঘরে পর্যাপ্ত সকেট না থাকলে পেশাদার ইলেকট্রিশিয়ানের মাধ্যমে নতুন সকেট বসানোর পরামর্শ দিয়েছেন তিনি।
৩. স্পেস হিটার ও এয়ার কন্ডিশনার
স্পেস হিটার ও এয়ার কন্ডিশনারের মতো যন্ত্র প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে। তাই এগুলো মাল্টিপ্লাগে সংযুক্ত করা ঝুঁকিপূর্ণ।
ববি লিন সতর্ক করে বলেন, এসব যন্ত্র মাল্টিপ্লাগে ব্যবহার করলে অতিরিক্ত তাপে পাওয়ার স্ট্রিপ গলে যেতে পারে, এমনকি আগুনও ধরে যেতে পারে। তাই যন্ত্রের ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপযুক্ত সকেট ব্যবহার করা উচিত।
৪. হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার
দেখতে ছোট হলেও হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার অল্প সময়ে অনেক বিদ্যুৎ ব্যবহার করে এবং প্রচুর তাপ তৈরি করে। তাই এগুলোও মাল্টিপ্লাগের বদলে সরাসরি দেয়ালের সকেটে ব্যবহার করা নিরাপদ।
ববি লিনের মতে, মাল্টিপ্লাগে এসব যন্ত্র চালালে দ্রুত অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। বাথরুমে ব্যবহার করলে জিএফসিআই ধরনের সুরক্ষিত সকেট ব্যবহারের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।
৫. টোস্টার, কফি মেইকার ও অন্যান্য রান্নাঘরের যন্ত্র
টোস্টার, কফি মেইকার ও ব্লেন্ডারের মতো ছোট যন্ত্রকে অনেকেই কম ঝুঁকিপূর্ণ মনে করেন। কিন্তু কিছু যন্ত্র চালুর সময় উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ টানতে পারে।
ড্যানিয়েল মক বলেন, টোস্টারের ভেতরের গরম করার উপাদান চালু করতে বেশি বিদ্যুৎ লাগে। মাল্টিপ্লাগে অতিরিক্ত চাপ পড়লে তারের ইন্সুলেশন ক্ষতিগ্রস্ত হয়ে গরম হয়ে যেতে পারে।
‘ট্রাই-কাউন্টি এয়ার সার্ভিস’-এর প্রধান ডব্লিউজি হিকম্যানও টোস্টার বা কফি মেইকারের মতো যন্ত্র মাল্টিপ্লাগে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছেন। অতিরিক্ত তাপে তারের ইন্সুলেশন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে বলে জানান তিনি।
৬. চিকিৎসা-সংক্রান্ত বৈদ্যুতিক যন্ত্র
সিপিএপি মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ জীবনরক্ষাকারী বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রেও মাল্টিপ্লাগ ব্যবহারে সতর্ক থাকতে হবে।
ববি লিন বলেন, এসব যন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ প্রয়োজন। সংযোগে সমস্যা হলে বা যন্ত্র বন্ধ হয়ে গেলে গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রস্তুতকারকের নির্দেশনা মেনে উপযুক্ত সকেট বা নির্ভরযোগ্য বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা উচিত।
৭. গেমিং কম্পিউটার ও দামি অডিও সিস্টেম
উচ্চক্ষমতার গেইমিং কম্পিউটার বা হাই-এন্ড অডিও সিস্টেমও ভোল্টেজের ওঠানামায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ডব্লিউজি হিকম্যান এসব যন্ত্রের ক্ষেত্রে সাধারণ মাল্টিপ্লাগের বদলে ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
৮. এক মাল্টিপ্লাগে আরেক মাল্টিপ্লাগ
জায়গা না পেয়ে একটি মাল্টিপ্লাগের সঙ্গে আরেকটি মাল্টিপ্লাগ জুড়ে দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। এই পদ্ধতিকে ‘ডেইজি-চেইনিং’ বলা হয়। বৈদ্যুতিক নিরাপত্তার দিক থেকে এটি ঝুঁকিপূর্ণ।
ড্যানিয়েল মকের মতে, এভাবে একাধিক সংযোগ যুক্ত করলে দ্রুত অতিরিক্ত লোড তৈরি হতে পারে। সার্কিট ব্রেকার সঠিক সময়ে কাজ না করলে আগুন লাগার আশঙ্কা থাকে।
তাহলে কোন যন্ত্রে মাল্টিপ্লাগ ব্যবহার করা যায়?
ডব্লিউজি হিকম্যানের পরামর্শ অনুযায়ী, যে যন্ত্র থেকে তাপ উৎপন্ন হয়, যার মধ্যে মোটর রয়েছে অথবা যা এক হাজার ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, সেগুলো মাল্টিপ্লাগে না লাগানোই নিরাপদ।
ফোনের চার্জার, টেবিল ল্যাম্প বা কম বিদ্যুৎ ব্যবহার করে এমন ছোট ইলেকট্রনিক যন্ত্রে মাল্টিপ্লাগ ব্যবহার করা যেতে পারে। তবে মাল্টিপ্লাগের ক্ষমতার চেয়ে বেশি লোড দেওয়া যাবে না এবং একটি মাল্টিপ্লাগের সঙ্গে আরেকটি মাল্টিপ্লাগ জুড়ে ব্যবহার করা উচিত নয়।
ছোট্ট একটি মাল্টিপ্লাগ যে বড় বিপদের কারণ হতে পারে, তাই সেটি মনে রাখা জরুরি। বিদ্যুৎ নিয়ে একটু বাড়তি সতর্কতাই কখনো কখনো বাঁচাতে পারে যন্ত্রপাতি, ঘর এমনকি জীবনও।










































