কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ায় দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

সুইজারল্যান্ডের অধিনায়ক জাকা। ছবি : এক্স থেকে

ভুল স্বীকার করায় বাহবা পেলেও শাস্তি ঠিকই পেতে হলো গ্রানিত জাকাকে। করোনাভাইরাসের ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করার পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন সুইজারল‍্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা।

আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল অ‍্যাসোসিয়েশন (এসএফভি)। এতে এবারের ফিফা উইন্ডোতে দেশের হয়ে মাঠে নামতে পারছেন না জাকা।

কাজটা যে ঠিক করেননি, তা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তুলে ধরেছেন জাকা। অনুশোচনা প্রকাশ করে ৩৩ বছর বছর বয়সী মিডফিল্ডার লিখেছেন, ‘মানসিক অস্থিরতার সেই মুহূর্তে সঠিক উপায়ে মনের সংশয় দূর করার পরিবর্তে একটি ভুয়া টিকার সনদ সংগ্রহ করেছিলাম।আজ আমি স্পষ্ট বুঝতে পারছি, কাজটা একদমই ঠিক হয়নি। এটা একটা মারাত্মক ভুল ছিল। আমি অত্যন্ত দুঃখিত।’

কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ার বিষয়ে জাকার অনুতপ্ত হওয়াকে স্বাগত জানিয়েছে এসএফভির সভাপতি পিটার কানাবেল।এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গতকাল সন্ধ্যায় পুরো ঘটনাটি আমাদের জানায় গ্রানিত। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই।’

আন্তর্জাতিক উইন্ডো শেষে জাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এসএফভি। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার।দেশের হয়ে সর্বোচ্চ ১৫২ ম‍্যাচ খেলা মিডফিল্ডার গোল করেছেন ১৮টি। অ্যাসিস্ট ১৪টি।

আগামী ২৬ সেপ্টেম্বর নেশনস লিগে অভিযান শুরু হবে সুইজারল্যান্ডের। প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া। ফিরতি ম্যাচেও প্রতিপক্ষ স্কটল‍্যান্ডের মাঠে খেলবে সুইজারল‍্যান্ড। আর শেষ দুই ম্যাচ স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা।

LEAVE A REPLY