এবার মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ। ছবি : এশিয়ান হকি ফেডারেশন
চীনের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়ান গেমস শুরু হয়েছিল বাংলাদেশ নারী দলের। সেই হতাশা ভুলতে আজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল।ম্যাচে এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষে ৩-১ ব্যবধানের হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের মেয়েদের।
জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে লিড নিয়েছিল বাংলাদেশ। ২৫ মিনিটে বাংলাদেশকে ১-০ ব্যবধান এনে দেন কনা আক্তার।তবে আনন্দ বেশিক্ষণ উদযাপন করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে নুরামিরাহ জুলকিফলির গোলে সমতায় ফেরে মালয়েশিয়া।
সেই গোলের রেশ শেষ না হতেই ৪৪ মিনিটে গোল করে মালয়েশিয়াকে ২-১ ব্যবধান এনে দেন জাতি মুহাম্মদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে সমতায় ফেরার বিপরীতে ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।৫৯ মিনিটে নুরামিরাহ নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। সেই গোলের পরেই রেফারির শেষ বাঁশি শোনে বাংলাদেশ।
এর আগে চীনের কাছে প্রথম ম্যাচে ১৩-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ।









































