‘বিগ বস ২০’-এর মঞ্চে নিজের শরীর ও চেহারা নিয়ে ট্রোলের জবাব দেওয়ার পর নতুন করে আলোচনায় সালমান খান। এর মধ্যেই অভিনেতাকে ‘ভণ্ড’ বলে মন্তব্য করে আলোচনায় এসেছেন ‘বিগ বস ৭’-এর সাবেক প্রতিযোগী সোফিয়া হায়াত।তবে পরে তিনি স্পষ্ট করেছেন, সালমানের চেহারা বা বয়স নিয়ে তার কোনো আপত্তি নেই।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সালমানের শার্ট খুলে নিজের শরীর দেখানোর একটি ভিডিও শেয়ার করেন সোফিয়া। সেখানে তিনি সালমানের বিরুদ্ধে তাকে শরীর নিয়ে কটাক্ষ করার অভিযোগ তোলেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য দেয়।
সোফিয়া লেখেন, ‘সালমান একজন ভণ্ড।’ তার দাবি, ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ থাকাকালে সালমান তার শরীর ও চেহারা নিয়ে সমালোচনা করেছিলেন। একই সঙ্গে গওহর খানের শরীরের প্রশংসা করেছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে সোমবার নিজের অবস্থান কিছুটা পরিষ্কার করেন সোফিয়া।তিনি বলেন, সালমানের বয়স বা চেহারা নিয়ে সমালোচনা করা উচিত নয়।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া নতুন পোস্টে সোফিয়া লেখেন, সালমানকে দেখতে কেমন লাগে, সেটি নিয়ে তার কোনো আপত্তি নেই। বরং বয়সকে তিনি আশীর্বাদ হিসেবে দেখেন। ২০ বছর বয়সীরা পৃথিবী চালায় না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ পর্বে নিজের চেহারা ও ওজন নিয়ে ট্রোলের জবাব দেন সালমান।মঞ্চে টুপি ও শার্ট খুলে তিনি ট্রোলারদের উদ্দেশে বলেন, তাকে মোটা হয়ে যাওয়ার জন্য ট্রোল করতে চাইলে এখনই করা যেতে পারে।
শুধু নিজের চেহারা নয়, অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের সংস্কৃতি নিয়েও কথা বলেন সালমান। কোনো তারকা কোনো কাজ বা সিনেমায় প্রত্যাশা পূরণ করতে না পারলে তাকে গালাগাল বা অপমান করার বিরোধিতা করেন তিনি।
রাজনৈতিক বিষয়েও তারকাদের মন্তব্য চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সালমান। তার বক্তব্য, কোনো অভিনেতা রাজনৈতিক বিষয়ে কথা বলতে না চাইতেই পারেন, আবার কোনো বিষয়ে পর্যাপ্ত তথ্যও নাও থাকতে পারে। তাই শুধু সাংবাদিকেরা প্রশ্ন করেছেন বলেই তারকাদের মতামত জানানো জরুরি নয়।
সোফিয়া হায়াতের সাম্প্রতিক মন্তব্যের পর পুরোনো ‘বিগ বস’ পর্ব এবং সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।










































