যেভাবে সাত মাসে ১৫ কেজি ওজন কমালেন শখ

একসময় ছোট ও বড় পর্দায় সমানতালে ব্যস্ত ছিলেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হয়ে নতুন রূপে চমকে দিয়েছেন তিনি।সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে রয়েছেন এই অভিনেত্রী।

তবে শখের এই পরিবর্তনের পেছনে শুধু নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইচ্ছা নয়, রয়েছে স্বাস্থ্যগত কারণও। প্রায় আট মাস আগে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে তিনি জানতে পারেন, ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর চিকিৎসকের পরামর্শ মেনে খাবারে নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা শুরু করেন তিনি।

মা হওয়ার পর শখের ওজন প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে এলেও এরপর আর ওজন কমছিল না। এর আগে কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চা শুরু করলেও নিয়ম ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

তবে এবার স্বাস্থ্যগত কারণেই জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন এনেছেন শখ।খাবারের তালিকা থেকেও কমিয়েছেন পছন্দের গরুর মাংস। অভিনেত্রীর ভাষ্য, এবারের কোরবানির ঈদে মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন তিনি।

বর্তমানে তার খাবারের তালিকায় বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। বাদ দিয়েছেন আলুও। পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।

ওজন কমানোর পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন শখ। বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এরই মধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। ফলে নিজেকে নতুনভাবে গড়ে তোলার পাশাপাশি নতুন চরিত্রে পর্দায় ফেরার প্রস্তুতিও চলছে তার।

LEAVE A REPLY