হামজার সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে জেতাতে চান ফারহান। ছবি : বাফুফে
আসিয়ান কাপে স্বপ্ন পূরণের অপেক্ষায় ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন।অভিষেকের সুযোগ পেলে হামজা চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে জেতাতে চান ১৯ বছর বয়সী উইঙ্গার।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুশীলন শেষে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিও বার্তায় এমন ইচ্ছের কথা জানিয়েছেন ফারহান। হামজাকে দক্ষিণ এশিয়ার ‘রোল মডেল’ সম্বোধন করে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার বলেছেন, ‘দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য তিনি (হামজা) একজন রোল মডেল। আশা করি মাঠে তাঁর সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে পারব এবং বাংলাদেশকে জেতাতে পারব।’
ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডেই। তবে তার পরিবারের সবাই বাঙালি। এই পরিচয়ের কারণেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আপনি জানেন, আমার পুরো পরিবারই বাঙালি। বলতে গেলে আমি সিদ্ধান্তটা নিয়েছি—এতে তাঁরা খুব খুশি হয়েছেন।তাই আমি শুধু চাই, ভবিষ্যতেও যেন তাঁদের গর্বিত করতে পারি।’
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফারহান দলের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভিডিও বার্তায়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে খেলা উইঙ্গার বলেছেন, ‘এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে।আমাকে আপন করে নিয়েছে, সাহায্য করেছে, সমর্থন করেছে। আমার মনে হচ্ছে, এখান থেকে আমরা আরো অনেক দূর এগোতে পারি। এই দলের অংশ হতে পেরে আমার মধ্যে অনেক গর্ব কাজ করছে। জাতীয় দলের হয়ে সত্যিই ভালো করতে চাই। আমার মনে হয়, আমরা সত্যিই কিছু একটা করতে পারি। দল হিসেবে এখান থেকে আরো অনেক কিছু গড়ে তুলতে পারি।’
আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ডিভিশন ১-য়ের বাকি দুই ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।









































