সশস্ত্র গোষ্ঠীর অবরোধ থেকে মুক্ত লিবিয়ার তেল পাইপলাইন

লিবিয়ার একটি সশস্ত্র গোষ্ঠী কর্তৃক বেশ কয়েক দিন ধরে অবরুদ্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন অবশেষে পুনরায় চালু করা হয়েছে। লিবিয়ার জাতীয় তেল সংস্থা (এনওসি) শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটির মতে, পাইপলাইনটি বন্ধ থাকার কারণে আনুমানিক ৯৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

এনওসি এক বিবৃতিতে জানিয়েছে, শারারা-জাওয়িয়া অপরিশোধিত তেল পাইপলাইনের সাত নম্বর ভালভটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ভূমধ্যসাগরীয় উপকূলের জাওয়িয়া রপ্তানি টার্মিনালে অপরিশোধিত তেল সরবরাহ আবার শুরু হয়েছে। এর আগে, পেট্রোলিয়াম ফ্যাসিলিটিজ গার্ডের সদস্য ও একটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের সুযোগ-সুবিধা ও অর্থায়ন সংক্রান্ত দাবির মুখে ২১শে সেপ্টেম্বর লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র ‘আল-শারারা’র এই ভালভটি বন্ধ করে দিয়েছিল। এর ফলে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। এই পাইপলাইনটি দক্ষিণ-পশ্চিম লিবিয়ার আল-শারারা তেলক্ষেত্রকে ভূমধ্যসাগরীয় উপকূলের জাওয়িয়া রপ্তানি টার্মিনালের সাথে সংযুক্ত করে।

উল্লেখ্য, লিবিয়ার এই শারারা তেলক্ষেত্র ও পাইপলাইনটি পরিচালনা করে ‘আকাকুস’ নামক একটি যৌথ উদ্যোগ, যাতে লিবিয়ান এনওসি ছাড়াও স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও নরওয়ের আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলো যুক্ত রয়েছে। লিবিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিরোধ, নিরাপত্তা সংকট বা স্থানীয় অসন্তোষের কারণে তেল স্থাপনা অবরোধের ঘটনা প্রায়ই ঘটছে।

LEAVE A REPLY