ছবি : পিন্টারেস্ট
শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ সিনেমায় গীতার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন গায়েত্রী জোশি। ২০০৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল তার বলিউডে অভিষেক।তবে সেই সিনেমার পর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। ২০০৫ সালে রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করে বলিউড থেকে সরে যান গায়েত্রী। বর্তমানে স্বামী ও দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ে পারিবারিক জীবন কাটানোর পাশাপাশি ডিজাইনসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তিনি।
‘স্বদেশ’ দিয়েই অভিনয়ে পরিচিতি
বলিউডে আসার আগে গায়েত্রী জোশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।নব্বইয়ের দশকে চ্যানেল ভি-এর ভিডিও জকি (ভিজে) হিসেবেও কাজ করেছেন তিনি। ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন। একই বছর মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বও করেন।
এরপর ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান গায়েত্রী।সিনেমায় তার চরিত্রের নাম ছিল গীতা। তিনি ছিলেন একজন স্কুলশিক্ষক। অন্যদিকে শাহরুখ খান অভিনয় করেন নাসার বিজ্ঞানী মোহান ভার্গবার চরিত্রে।
‘স্বদেশ’ মুক্তির পর গায়েত্রীর অভিনয় প্রশংসিত হয়। তবে সিনেমাটিই শেষ পর্যন্ত তার অভিনয়জীবনের শুরু ও শেষ হয়ে যায়।
কেন বলিউড ছাড়লেন?
‘স্বদেশ’-এর পর বেশ কিছু চিত্রনাট্য শুনেছিলেন গায়ত্রী। পরবর্তী সিনেমা নিয়ে আগ্রহও ছিল তার। তবে বিয়ের পর নিজের অগ্রাধিকার বদলে যায়।
২০১৯ সালে ‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ত্রী বলেছিলেন, বিয়ের পর চাইলে অভিনয় চালিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি নিজের বিয়ে ও পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।
গায়েত্রীর বক্তব্য ছিল, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে মনোযোগ ভাগ করতে চাননি তিনি। বিয়ে ও সন্তানদের জন্য পুরোপুরি সময় দেওয়াকেই তখন অগ্রাধিকার হিসেবে বেছে নেন।
‘স্বদেশ’কে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবেও উল্লেখ করেছিলেন গায়েত্রী। অল্প সময়ের অভিনয়জীবন নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছিলেন।
স্বামী ভারতের ৫৯তম ধনী
গায়েত্রীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তার স্বামী বিকাশ ওবেরয়ের সম্পদের কারণে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বিকাশ ওবেরয়ের আনুমানিক সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি। এই সম্পদ নিয়ে ভারতের ধনীদের তালিকায় তার অবস্থান ৫৯তম।
রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে নিজের সম্পদ গড়ে তুলেছেন বিকাশ ওবেরয়। তিনি মুম্বাইভিত্তিক ওবেরয় রিয়েলটির সঙ্গে যুক্ত। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি এবং অবস্থান ছিল ৫৮তম।
দুই সন্তানকে নিয়ে পারিবারিক জীবন
বিয়ের পর গায়েত্রী ও বিকাশের সংসারে দুই ছেলে—ভিহান ও যুবান। বলিউড থেকে দূরে থেকে সন্তানদের বড় করা ও পরিবারকে সময় দেওয়াতেই বেশি মনোযোগ দিয়েছেন গায়ত্রী।
২০১৯ সালের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার দুই ছেলেই ‘স্বদেশ’ সিনেমাটি দেখেছে। মায়ের অভিনীত সিনেমাটির প্রতি তাদেরও ভালো লাগা রয়েছে।
জুহুতে বিলাসবহুল বাড়ি
বর্তমানে গায়েত্রী ও বিকাশ মুম্বাইয়ের জুহুতে তাদের নতুন বাড়িতে থাকেন। প্রায় ৭৫ হাজার বর্গফুট আয়তনের নয়তলা বাড়িটির নকশা করেছেন ইতালীয় স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া’য় বাড়িটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বাড়িটিতে রয়েছে দুটি বেসমেন্ট, জিম ও স্পা, ১২ আসনের ব্যক্তিগত সিনেমা হল, অতিথি আপ্যায়নের জন্য বড় পরিসর এবং পরিবারের জন্য আলাদা ব্যক্তিগত জায়গা।
এ ছাড়া ছাদে রয়েছে ইনফিনিটি পুল, যেখান থেকে আরব সাগরের দৃশ্য দেখা যায়। বাড়ির বিভিন্ন অংশে এম এফ হুসেন, রবীন্দ্র রেড্ডি ও মনজিৎ বাওয়ার মতো শিল্পীর শিল্পকর্মও রয়েছে।
গায়েত্রী জানিয়েছেন, বাড়িটিকে অনেকটা বুটিক হোটেলের মতো করে সাজানোর পরিকল্পনা ছিল বিকাশের। শুরুতে বিষয়টি তার পছন্দ না হলেও পরে বাড়িটির ব্যবহারিক দিক বিবেচনায় তুলনাটি যথাযথ মনে হয়েছে বলে জানান তিনি।
এখন কী করছেন গায়েত্রী?
বলিউড থেকে সরে যাওয়ার পর গায়েত্রী খুব একটা প্রকাশ্যে আসেন না। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ডিজাইনসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া’র প্রতিবেদনে তাকে ওবেরয় রিয়েলটির ডিজাইন কিউরেটর হিসেবেও উল্লেখ করা হয়েছে।
একটি সিনেমায় অভিনয় করে বলিউড থেকে বিদায় নিলেও ‘স্বদেশ’-এর গীতা চরিত্রকে গায়েত্রী জোশিকে এখনও মনে রেখেছেন দর্শকরা। শাহরুখ খানের বিপরীতে তার সেই অভিনয় সিনেমাপ্রেমীদের কাছে দুই দশকেরও বেশি সময় পরও পরিচিত।










































