গেমিং সংস্করণে আসছে ‘দ্য কনজ্যুরিং’

জনপ্রিয় ভৌতিক সিনেমার ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজ্যুরিং’ নিয়ে এবার আসতে চলেছে প্রথম স্বতন্ত্র ভিডিও গেম। গেমটির নাম দেওয়া হয়েছে ‘দ্য কনজ্যুরিং : আনস্পোকেন’।আগামী অক্টোবরে হ্যালোইন মৌসুমকে কেন্দ্র করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে গেমটি মুক্তি পেতে যাচ্ছে। এই গেমে অশুভ শক্তির মুখোমুখি হয়ে পৈশাচিক রহস্য খুঁজে বের করার মূল দায়িত্বে থাকবেন স্বয়ং খেলোয়াড়।

গেমটির গল্প আবর্তিত হয়েছে একটি শোকাহত পরিবার এবং ‘রেড লায়ন ইন’ নামের একটি রহস্যময় সরাইখানাকে কেন্দ্র করে। সেখানে ঘটে যাওয়া নানা অলৌকিক ঘটনা তদন্ত করা এবং ভৌতিক সংকেত খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হবে খেলোয়াড়কে।এটি একটি ক্লাউড গেম, যা সরাসরি টেলিভিশনেও খেলা যাবে বলে নিশ্চিত করেছে নেটফ্লিক্স। তবে গেমটি কিভাবে খেলতে হবে বা এর নির্দিষ্ট মুক্তির তারিখ কত, তা এখনও বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে প্রথম ‘দ্য কনজ্যুরিং’ সিনেমা দিয়ে এই ভৌতিক ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ‘অ্যানাবেল’ ও ‘দ্য নান’-এর মতো সিনেমার মাধ্যমে এর পরিধি বিশ্বজুড়ে বিস্তৃত হয়।এর আগে ‘ফোর্টনাইট’-এর মতো গেমে কনজ্যুরিংয়ের কিছু বিশেষ অভিজ্ঞতা দেখা গেলেও, পুরো ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ ভিডিও গেম হতে যাচ্ছে ‘আনস্পোকেন’। হরর বা ভৌতিক ঘরানার ভক্তদের জন্য এই নতুন ভার্চুয়াল রোমাঞ্চ এক আলাদা আকর্ষণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY