এক সিনেমায় বাঁধন-ফারিয়া

সংগৃহীত ছবি

জন্মদিনে নতুন সিনেমার সুখবর পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজমেরী হক বাঁধনের সঙ্গে একই সিনেমায় দেখা যাবে তাকে।ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।

গতকাল ৮ সেপ্টেম্বর ছিল নুসরাত ফারিয়ার জন্মদিন। এদিন ৩১ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী।জন্মদিনের সন্ধ্যাতেই জানা যায়, নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া।

এর আগে গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ।সিনেমাটির শুটিং আগামী ২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। পরে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।

আবদুল আজিজ জানিয়েছেন, সিনেমাটি সমাজসচেতনতামূলক গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। তিনি বলেন, ‘এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি।মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।’

এদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে আরও একটি কাজ। মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিংও শেষ পর্যায়ে। ছবিটির একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটির কাজ শেষ হলেই পুরো শুটিং সম্পন্ন হবে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাপাত্তা’র।

LEAVE A REPLY