প্রেমিকার মায়ের অসম্মতি, ৩০ মিনিটেই বিয়ে সারেন মিঠুন চক্রবর্তী

টালিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর জীবন যেন সিনেমার গল্প। একসময় ফুটপাতে রাত কাটানো থেকে শুরু করে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠার গল্প অনেকেরই জানা।তবে তার ব্যক্তিজীবনের প্রেম ও বিয়ের গল্পও কোনো অংশে কম নাটকীয় নয়। অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে তার বিয়ের ঘটনাটি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও।

সত্তরের দশকের শেষ দিকে মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এর আগে ১৯৭৬ সালে সুরকার ও সংগীতশিল্পী কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল যোগিতার।তবে ১৯৭৮ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে। এরপর মিঠুনের সঙ্গে যোগিতার বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ ছিল না তাদের পথ। যোগিতার মা এই সম্পর্ক ও বিয়েতে সম্মতি দিচ্ছিলেন না।ফলে বারবার পিছিয়ে যাচ্ছিল বিয়ের পরিকল্পনা।

একপর্যায়ে অপেক্ষার প্রহর শেষ করার সিদ্ধান্ত নেন মিঠুন। একদিন যোগিতাকে জানিয়ে দেন, পরদিন সকাল ৯টার মধ্যে যেন তার বাড়িতে পৌঁছে যান। তবে তখনো যোগিতা জানতেন না, তার জন্য কী অপেক্ষা করছে।

এরই মধ্যে গোপনে বিয়ের আয়োজন করে ফেলেছিলেন মিঠুন।নিজের ছোট্ট শোবার ঘরেই পুরোহিত ডেকে আনেন তিনি। শুধু তা-ই নয়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য সময়ও নির্ধারণ করে দেন। পুরোহিতকে স্পষ্ট জানিয়ে দেন, ৩০ মিনিটের মধ্যেই বিয়ে সম্পন্ন করতে হবে। এক মিনিটও বেশি সময় নেওয়া যাবে না।

নির্ধারিত সময় অনুযায়ী পরদিন সকাল ৯টায় মিঠুনের বাড়িতে পৌঁছান যোগিতা। সেখানে গিয়ে বিয়ের আয়োজন দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। এরপর আর সময় নষ্ট না করে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাত পাক ঘোরার পর যোগিতার কপালে সিঁদুর পরিয়ে দেন মিঠুন। পুরোহিতও জানিয়ে দেন, বিয়ে সম্পন্ন হয়েছে।

তবে এখানেই শেষ নয় এই নাটকীয় গল্প। বিয়ে শেষ হওয়ার পর পুরোহিতকে বিদায় দিয়ে মিঠুন যোগিতাকে জানান, তাদের বিয়ে হয়ে গেছে। এবার তাকে নিজের বাড়িতে ফিরে গিয়ে মায়ের কাছে বিষয়টি জানাতে হবে।

এভাবেই ১৯৭৯ সালে ঘর বাঁধেন মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি। সম্প্রতি ফারাহ খানের ভ্লগে নিজের জীবনের এই ঘটনা তুলে ধরেন মিঠুন। তার মুখে সেই গল্প শোনার পরই নতুন করে আলোচনায় এসেছে বলিউডের এই তারকা দম্পতির বিয়ের সেই অবাক করা অধ্যায়।

বলা দরকার, ১৯৭৯ সালে হেলেনা লিউককে বিয়ে করেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে মাত্র চার মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

LEAVE A REPLY