সংগৃহীত ছবি
বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খানের নামে চণ্ডীগড়ে তৈরি হতে যাচ্ছে বড় একটি আবাসন প্রকল্প। বহুতল এই প্রকল্পের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে ‘দ্য সালমান টাওয়ার্স’।বৃহস্পতিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সেখানে সালমান খানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ ও ‘সালমান খান টাওয়ার্স’। এর মধ্যে ‘দ্য সালমান টাওয়ার্স’ নামটিই চূড়ান্ত হতে পারে বলে আলোচনা চলছে।তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। প্রয়োজনে সম্পূর্ণ ভিন্ন নামও বেছে নিতে পারেন সংশ্লিষ্টরা।
শুধু একটি বহুতল ভবন নয়, বড় পরিসরে গড়ে উঠবে প্রকল্পটি। এতে আধুনিক নানা সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে দুটি আবাসন সংস্থা একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক।
বৃহস্পতিবার মুম্বাইয়ের অনুষ্ঠানে প্রকল্পটির নাম, নকশা ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে। সালমানের উপস্থিতিতে এই ঘোষণা আরো আকর্ষণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করছেন সালমান খান। ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সিই খান পরিবারের ঠিকানা।পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সালমানের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার।
তবে সম্প্রতি সালমানের পরিবারের নতুন আবাসন নিয়েও খবর সামনে এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে খান পরিবার। ওই সম্পত্তি সালমানের মা সালমা খানের নামে রয়েছে।
নতুন ভবন তৈরি হওয়ার পর সালমান ও তার পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে উঠবেন কি না, সে বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কাজের দিক থেকে সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। মুক্তির পর সিনেমাটি বিভিন্ন জায়গায় ফাঁস হওয়ার খবরও সামনে এসেছিল।
বর্তমানে নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটির নাম প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল। পরে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ নাম রাখা হয়। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
এ ছাড়া পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান খান। এতে তার বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। দিল রাজু প্রযোজিত সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।










































