প্রথমার্ধে ছিল ছন্দহীনতা। তাতে ছিল না গোলের দেখা।ঘরের মাঠ এমিরেটসে তাই চাপ বাড়ছিল আর্সেনালের। তবে বিরতির পর বদলে গেল ছবি। ৭ মিনিটের এক ঝড়। তাতে ডুবল লিল।প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগের জয়ের যাত্রা ধরে রাখল মিকেল আর্তেতার শিষ্যরা।
সর্বশেষ ম্যাচের একাদশ থেকে ৫ পরিবর্তন নিয়ে লিলের বিপক্ষে খেলতে নেমেছিল আর্সেনাল। তবে সুযোগ পেয়ে প্রধমার্ধে কাজে লাগাতে পারেননি ননি মাদুয়েকে, এবেরেচি এজে ও ভিক্টর ইয়োকেরেসরা। দ্বিতীয়ার্ধে পরিবর্তন অবশ্য আনেননি আর্তেতা।আস্থা রেখেছেন শিষ্যদের ওপর। প্রতিদান দিয়েই পরে বদলি হয়েছেন এজে-মাদুয়েকেরা।
ঝড়ের শুরুটা হয় ৬৪ মিনিটে। ডাচ ডিফেন্ডার ইয়ুরিয়েন টিম্বারের চিপে করা গোলে। মাদুয়েকের পাস পেয়ে লিলের গোলরক্ষক বারকে ওজেরের মাথার ওপর দিয়ে চমৎকার চিপে বল জালে জড়ান তিনি।
৩ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন এজে। বদলি নামা বুকায়ো সাকার ক্রস থেকে প্রথম ছোঁয়ায় গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। পরে ৭১ মিনিটে নিজেই গোলের দেখা পান সাকা।
চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ মৌসুমে লিগ পর্বের আট ম্যাচেই জয় পেয়েছিল আর্সেনাল। তবে ফাইনালে পিএসজির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের । এবারও শুরুটা দুর্দান্ত হয়েছে গানারদের। গতকালের আগে নাপোলিকে ১-০ হারিয়েছিল তারা।











































