বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’র বাইরে অমিতাভ

সংগৃহীত ছবি

বচ্চন পরিবারের সাধের বাংলো ‘জলসা’। সপ্তাহান্তে এই বাংলোর সামনে ভিড় জমান অমিতাভ বচ্চনের অনুরাগীরা।দীর্ঘ তিন দশক ধরে রবিবার মানেই ভক্তদের সঙ্গে দেখা করতে বাংলোর বাইরে আসেন বলিউডের শাহেনশাহ। তবে কয়েক দিন ধরে অমিতাভের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই তার বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকির খবর সামনে এসেছে। এমন পরিস্থিতিতেও নিয়মের ব্যতিক্রম করলেন না বর্ষীয়ান অভিনেতা। রবিবার ‘জলসা’র বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা দিলেন তিনি।পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।

বৃহন্মুম্বাই পৌরসভার ই-মেইলে অমিতাভের বিলাসবহুল বাসভবনে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সামাজিকযোগাযোগমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিক পোস্ট করে অনুরাগীদের উদ্বেগও বাড়িয়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। সব মিলিয়ে বচ্চন পরিবারের জন্য সময়টা যে সহজ নয়, তা বলাই বাহুল্য।

তবে এমন পরিস্থিতিতেও ভক্তদের নিরাশ করেননি অমিতাভ। সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রবিবার ‘জলসা’র বাইরে অপেক্ষমাণ অনুরাগীদের সামনে হাজির হয়েছেন তিনি। গেটের সামনে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান। উপস্থিত আলোকচিত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন। এ সময় বাবার পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা যায় অভিষেককে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই অমিতাভের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে শুরু করেন অনুরাগীরা। তাদের একজন মন্তব্য করেন, ‘তিরাশিতেও অসুস্থতা, হুমকির মাঝেও সিনিয়র বচ্চন যে বুকের পাটা দেখালেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

আরেকজন মনে করিয়ে দেন, কেন অমিতাভ বচ্চন আজও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় তারকা। তার কথায়, ‘যে মানুষ নিজের দুঃসময়েও ভক্তদের আশাহত করেন না, তাকে হৃদয়ে আগলে রাখব না তো আর কাকে রাখব?’

কেউ আবার অমিতাভকে বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে বাবার পাশে থেকে তাকে আগলে রাখার জন্য অভিষেক বচ্চনেরও প্রশংসা করেছেন অনেকে।

LEAVE A REPLY