সংগৃহীত ছবি
পিএসজির ইতালিয়ান তারকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যক্তিগত শর্তে বনিবনা হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে। এখন শুধু বাকি রয়েছে ক্লাবটির সঙ্গে পিএসজির ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা। আলোচনায় ঘুরপাক খাচ্ছে প্রায় ৫০ মিলিয়ন ইউরো।
এই গোলরক্ষকের প্রতি আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও।
তাদের হয়ে বাজে পারফর্ম করা গোলরক্ষক আন্দ্রে ওনানার বিকল্প খুঁজছিল তারা। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে মাঠের বাইরেও হেরে যাচ্ছে ইউনাইটেড, সেটিই এখন নিশ্চিত হয়ে উঠছে।
এদিকে সিটি থেকে এদেরসনের বিদায় প্রায় সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মৌসুমের শুরুতে এখনো মাঠে নামেননি ব্রাজিলিয়ান এই গোলকিপার।
অন্যদিকে পিএসজিতেও উপেক্ষিত হচ্ছেন ডোনারুম্মা। ফলে বাজারে সবচেয়ে লোভনীয় বিকল্প হিসেবে উঠে এসেছেন তিনি।
বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘দোন্নারুম্মা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যক্তিগত শর্তে চুক্তিতে পৌঁছেছেন। পেপ গার্দিওলার অধীনে খেলতে আগ্রহী তিনি।
সিটি ও পিএসজির মধ্যে এখনো আলোচনা চলছে। ট্রান্সফার ফি ৫০ মিলিয়নের কমেই হবে।’
তবে রোমানো আরো যোগ করেছেন, এদেরসন বিদায় নিলে তবেই চুক্তি সম্পন্ন হবে। ইতিমধ্যে গালাতাসারি এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের প্রতি আগ্রহ দেখিয়েছে।
এদিকে গেল ম্যাচে টটেনহ্যামের কাছে ২-০ গোলে হেরেছে সিটি।
ম্যাচে তরুণ ইংলিশ গোলকিপার জেমস ট্র্যাফোর্ডের মারাত্মক ভুলেই আসে প্রতিপক্ষের দ্বিতীয় গোল। এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি কি এখনই দলের প্রথম পছন্দ হতে প্রস্তুত?
সেদিন বেঞ্চে থাকলেও এদেরসনকে নামানো হয়নি। তাঁর ভবিষ্যৎও অনিশ্চয়তায় ভরা। তাই দ্রুত বিকল্প খোঁজার পথেই হেঁটেছে সিটি।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও থেমে নেই। রয়্যাল অ্যান্টওয়ার্পের গোলরক্ষক সেনে ল্যামেন্সকে ১৭ মিলিয়ন পাউন্ডে দলে টানতে আলোচনায় অনেকটা এগিয়ে গেছে তারা।










































