সংগৃহীত ছবি
বলিউডে একের পর এক তারকাকে ঘিরে বাড়ছে হুমকির ঘটনা। এবার সেই তালিকায় যুক্ত হলো অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম।তার কাছে কোটি কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলেও পরিচয় দিয়েছে। একটি অডিওবার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ঘটনাটি সামনে আসার পরই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।তবে হুমকিদাতা সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা অডিওবার্তায় থাকা কণ্ঠস্বরের সঙ্গে তাদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখছেন। এর মাধ্যমে হুমকিদাতার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হুমকিদাতা ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে।’ পাশাপাশি, ‘লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির সত্যিই কোনো যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’
এ ঘটনায় এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আয়ুষ্মান খুরানা। অভিনেতার পক্ষ থেকেও আসেনি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করতে চাইছে না পুলিশ। এমনকি ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
এদিকে মঙ্গলবার বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকির ফোন। তার কাছে ৫ কোটি রুপি দাবি করে এক ব্যক্তি। ফোনে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিল ওই হুমকিদাতা। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের ধারণা, পুরো ঘটনাটিই ভুয়া। অর্থাৎ বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার দাবি করলেও ওই ব্যক্তির সঙ্গে গোষ্ঠীটির কোনো যোগসূত্র নেই বলে সন্দেহ করছেন তারা।
এখন প্রশ্ন উঠেছে, তুষার কাপুরের মতো আয়ুষ্মান খুরানাকেও কি একই কায়দায় ভুয়া হুমকি দেওয়া হয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো যোগসূত্র? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হামলার শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক ও আরও একজন ব্যক্তি। পরপর এমন ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।










































