নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুক্ষয়ী জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপের দেশে পা রাখার পর থেকে যেভাবে খারাপ সময় পার করছিল বাংলাদেশ, সে দিক থেকে এই জয় এক পশলা স্বস্তির বাতাস বইয়ে দেওয়ার কথা বাংলাদেশ দলের ড্রেসিংরুমে।
ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, স্বস্তি এনে দেবে এই জয়। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, যেভাবে সবাই খেলেছে আমি খুশি।
সবাই জেতার জন্য যে শরীরি ভাষা দেখিয়েছে, এটা দারুণ ব্যাপার। সবাই ১২০ শতাংশ দিয়েছে। শেষ ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করে এগিয়েছি।’
তবে জয়টা একদমই সহজ ছিল না বাংলাদেশ দলের জন্য।
শ্রীলঙ্কার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারালে ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত ১৯তম ওভারের শেষ বলে ম্যাচ জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। ব্যাটিং ভালো না হওয়া স্বীকার করেছেন নাজমুলও, ‘এটা সহজ ছিল না (রান তাড়া)। সত্যি বলতে আমরা ভালো ব্যাটিং করিনি।
উইকেট যথেষ্ট ভালো ছিল। আমাদের আরো ভালো ব্যাট করা উচিত ছিল।’
টপ অর্ডারে সৌম্য সরকার, নাজমুল নিজেও রান না পেলেও খরা কাটিয়েছেন লিটন দাস। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে ৩৬ রান করেন লিটন। লিটনকে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন নাজমুল, ‘সে আজকে তার স্কিল দেখিয়েছে।
সে সংগ্রাম করছিল। তার জন্য এটার স্বস্তির।’
ব্যাটিংয়ে সবার মাঝে আলাদা হয়েছিলেন তাওহিদ হৃদয়। ২০ বলে ৪০ রানের ইনিংসের পথে হাসারাঙ্গাকে টানা তিনটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহিদ। তাওহিদ সাহসী ব্যাটিং করেছেন জানিয়ে নাজমুল বলেন, ‘সে অসাধারণ খেলেছে। সে অনেক সাহসী।’











































