মেহজাবীন চৌধুরী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে দুই বছর হলো বিরতি নিয়ে ব্যস্ত আছেন বড় পর্দার কাজ নিয়ে। এরই মধ্যে দুটি ছবিতে অভিনয় করেছেন। প্রথমটি ‘সাবা’।
তবে ‘সাবা’ মুক্তির আগেই বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। এবার সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর পেয়েছে ‘প্রিয় মালতী’। বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন।
অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত। সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈন উদ্দীন।
তিনি বলেন, “গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে এটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়। আজ কিংবা কালকের মধ্যে ছাড়পত্র পেয়ে যাবেন পরিচালক।
”
‘প্রিয় মালতী’-তে কেন্দ্রীয়, অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। ‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।
‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে দেখানো হয়েছে।










































