শাহরুখ খান ও শিবা আকাশদীপ
অভিনেত্রী শিবা আকাশদীপ নব্বইয়ের দশকের অতি পরিচিত মুখ। সালমান-অক্ষয়দের নায়িকা ছিলেন তিনি। একসময় অক্ষয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছিল তাকে ঘিরে। যদিও বর্তমানে অভিনয় থেকে তিনি বহু দূরে।
তবে সাম্প্রতিক সময়ে আবারও পর্দায় দেখা গেছে তাকে। এবার এক সাক্ষাৎকারে বলিউডের নানান পুরনো কথা ও অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী। সেখানেই উঠে আসে বলিউড বাদশা শাহরুখ খানের প্রসঙ্গ। এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকারে শাহরুখ খান সম্পর্কে শিবা আকাশদীপ জানান, নিজের স্বপ্ন পূরনের জন্য রাতের পর রাত নির্ঘুম ছিলেন শাহরুখ।
পিঙ্কভিলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শিবা আকাশদীপ শাহরুখ খান সম্পর্কে বলেন, ‘যখন আমরা একসঙ্গে শো করছিলাম, তখন তিনি আমার বাড়িতে এসেছিলেন। এখনও যখন দেখা হয়, তিনি এত ভালোবাসা, স্নেহ এবং সম্মানের সঙ্গে দেখা করেন যে তাকে শ্রদ্ধা করা ছাড়া উপায় থাকে না। তিনি যদি ঘরের অন্য প্রান্তেও থাকেন, তবুও আপনাকে দেখে ছুটে এসে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবেন। খুবই ভদ্র ও সম্মানীয় একজন মানুষ।
’
শাহরুখের দূরদৃষ্টি সম্পর্কে শিবা বলেন, ‘শাহরুখ সবসময় জানতেন যে একদিন তিনি তারকা হবেন। যেদিন তিনি বোম্বেতে পা রেখেছিলেন, সেই দিনই বুঝে গিয়েছিলেন যে তিনি বড় তারকা হবেন। তিনি নিজের শর্তে পথ চলেছেন এবং যা চেয়েছেন সবই অর্জন করেছেন।’
ক্যারিয়ার গড়তে প্রচন্ড পরিশ্রম করেছেন কিং খান। রাতের পর রাত জেগে কাজ করেছেন।
শাহরুখের ডেডিকেশন উল্লেখ করে শিবা বলেন, ‘তিনি অত্যন্ত পরিশ্রমী এবং তার কাজের প্রতি ছিলেন একেবারেই মগ্ন। আমি তাকে সারা রাত কাজ করতে দেখেছি। তার যা করা দরকার তা নিয়ে এত মগ্ন থাকতেন যে তাকে ঘুমাতেও দেখিনি। এত এত কাজ করার পরেও কাজের প্রতি তার ছিল শিশুসুলভ উৎসাহ; এটা অসাধারণ।’
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শিবা দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে। ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পায় রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’। করণ জোহরের পরিচালিত এই সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় ফের শিরোনামে আসেন শিবা। কারণ সিনেমার একটি দৃশ্যে তার গালে চুমু খেয়েছিলেন ৯০ বছরের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র! যে দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। নতুন করে আবার পর্দায় আলোচিত হন শিবা আকাশদীপ।










































