ভারতের ১২টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার এসব ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছেন দেশটির আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। খবর বিবিসির।
তিনি বলেন, গত রাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ১২টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।
আইএসপিআর মুখপাত্র বলেছেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।









































