যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়েছে মুডিস

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস আমেরিকার সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়েছে। ঋণ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ায় শুক্রবার রেটিং কমিয়েছে তারা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কর ও ব্যয় কমানো ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন কর্মকাণ্ডে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির ঋণ তিন লাখ ৬০ হাজার লাখ কোটি ছাড়িয়েছে। এমতাবস্থায় মার্কিন রেটিং এজেন্সি মুডিস যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়েছে।

১৯১৯ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে রেটিং দিয়েছিল মুডিস। ওই সময় দেশটিকে ‘এএএ’ রেটিং দিয়েছিল সংস্থাটি। তবে সবশেষ তিনবারের রেটিংয়ে যুক্তরাষ্ট্রের রেটিং কমিয়েছে তারা। সবশেষ শুক্রবার রেটিং কমিয়ে যুক্তরাষ্ট্রকে ‘এএ১’ দিয়েছে মার্কিন সংস্থাটি।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘রাজস্ব ঘাটতি ও ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা সুদের ব্যয় নিয়ে মার্কিন প্রশাসন ও কংগ্রেস ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এর জেরে নিজেদের আউটলুকে যুক্তরাষ্ট্রকে স্থিতিশীল থেকে নেগেটিভে স্থানান্তর করা হয়েছে।’

মুডিসের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে ট্রাম্পের ঘনিষ্ঠরা। ট্রাম্পের সাবেক সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ও হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনীতিবিদ স্টিফেন মুর মুডিসের সিদ্ধান্তকে অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সরকার সমর্থিত বন্ড ত্রিপল ‘এ’ না পায় তাহলে তারা কি পাবে।’

মুডিসের সিদ্ধান্তের জেরে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউঞ্জ সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি এক পোস্টে মুডিসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্দির সমালোচনা করেছেন। জান্দিকে ট্রাম্পের রাজনৈতিক বিরোধী আখ্যা দিয়েছেন তিনি। এ বিষয়ে মন্তব্য নিতে জান্দির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুখ খুলতে রাজি হননি।

গত ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এরপর থেকে তিনি বাজেটের সমতা করার কথা বলে আসছেন। তবে ট্রাম্পর অর্থমন্ত্রী স্কট বাসেন্ট একাধিকবার বলেছেন, ‘বর্তমান প্রশাসনের লক্ষ্য মার্কিন সরকারের তহবিল ব্যয় কমানো।’ তবে প্রশাসনের রাজস্ব বৃদ্ধি ও ব্যয় কমানোর প্রচেষ্টা এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে।

LEAVE A REPLY