চাষী আলম
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা হাবু ভাই। তার আসল নাম চাষী আলম। তবে হাবু ভাই নামেই শোবিজ অঙ্গনে সর্বাধিক পরিচিত তিনি। দীর্ঘ ২৩ মাস পর আবারও শুটিংয়ে ফিরেছেন এই প্রিয় অভিনেতা।
সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন অভিনয় জীবন, পরিবার এবং আসন্ন কোরবানির ঈদ পরিকল্পনা নিয়ে। যেখানে অভিনেতা জানান, কোরবানি নিজের সামর্থ্য মতোই দেবেন তিনি।
চাষী আলম জানান, অভিনয় জীবনের এই পর্যায়ের অবস্থান কখনো ভাবেননি তিনি। দর্শকের ভালোবাসায় অভিভূত।
অভিনেতা বলেন, “সবাই এখন আমাকে ‘হাবু ভাই’ নামে ডাকে। বাচ্চারাও ডাকে, বাচ্চার মাও ডাকে, নানা-দাদারাও ডাকে এই নামে। ‘হাবু ভাই’ আমার জন্য অনেক বড় পাওনা। মহান আল্লাহ তায়ালা আমাকে এটা বহন করার জন্য একটা অশেষ রহমত দিয়েছেন।
”
এছাড়া আসন্ন কোরবানির ঈদ নিয়ে চাষী আলম বলেন, ‘কোরবানি ঈদ যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী যদি কিছু কিনতে পারি, সেই অনুযায়ী কোরবানি হবে। আসলে এটা তো মানুষকে দেখানোর কিছু না, আল্লাহর নির্দেশ ত্যাগের মহিমায় মহিম্বান্বিত হন। ওইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমার জীবনে সবকিছুই, মানে আমি যে সুস্থভাবে বেঁচে আছি, এটাই তো আমার জন্য অনেক বড়। এটাই উপভোগ করি।
এ সময় ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা পরিবার প্রসঙ্গে বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুইট একটা বেবি হয়েছে। ভাবিনি যে আমার বেবিটা এমন হবে, এখনই সে অনেক পপুলার হয়ে গেছে। ঘুম ভাঙার পর বাবা বাবা বলে ডাক দেয়। ওর মাকেও ডাকে, দাদা-দাদিকে ডাকে, নানাকে ডাকে।’
সন্তানকে নিয়ে চাষী আলম বলেন, ‘আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, ও যেটা ভালো মনে করবে। সমাজে যেন সবার সঙ্গে ভালোভাবে থাকে, সবাই যেন ওভাবেই দেখে ওকে যে না, একটা ভালো ছেলে। বাকিটুকু আল্লাহ তায়ালা রহমত করবেন।’
প্রথম চার সিজনের ধারাবাহিক সাফল্যের পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে আসছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ইতোমধ্যেই জানা গেছে, প্রথম পর্ব প্রচারের দিনক্ষণ। আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে নতুন ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। এর মাধ্যমে আবারও ভক্তদের আনন্দ দিতে যাচ্ছেন ‘হাবু ভাই’খ্যাত চাষী আলম।











































