নীল হুরেজাহান
দেশের নামকরা ফ্যাশন হাউস সাফিয়া সাথীর ভিন্নধর্মী জমকালো ফ্যাশন শো-য়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ‘মার্ভেল অব টুমরো-সিজন ৪’।
গতকাল সন্ধায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দ্য মার্ভেল-বি ইউ আয়োজিত এই শোয়ে মডেলদের পাশাপাশি হাঁটতে দেখা গেছে তারকা শিল্পীদেরও, যার মধ্যে অন্যতম চিত্রনায়ক আরিফিন শুভ। শো-স্টপার হিসেবে দেখা গেছে সালমান মুক্তাদিরকে।
স্টেজ আর মাইক্রোফোন যার নিত্যসঙ্গী সেই নীল হুরেজাহান এবার আর উপস্থাপনা নয়, হাজির হয়েছেন মডেল হয়ে।
‘মার্ভেল অব টুমরো’র এই আসরের মধ্য দিয়ে প্রথমবার র্যাম্পে হাঁটলেন সময়ের জনপ্রিয় এই উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী। এসময় তার সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক ও সাবেক সাবেক মিস ইউনিভার্স শিরীন শিলা।

নীল হুরেজাহান কালের কণ্ঠকে বলেন, ‘মার্ভেল অব টুমরো এর এবারের আসরে আমি উপস্থাপক নয়, বরং দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। দ্বিতীয়বারের মতো চেরি এর KOL (কি অপিনিয়ন লিডার) হিসেবে থাকতে পেরে, আর মঞ্চে মডেল হিসেবে পারফরম করতে পেরে খুবই ভালো লেগেছে।
আমাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য সাফিয়া সাথীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরো বলেন, ‘মঞ্চের সঙ্গে আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। বড়বেলায় তো স্টেজ আর মাইক্রোফোন আমার নিত্যদিনের সঙ্গী। এবার ভিন্নভাবে নিজেকে মঞ্চে উপস্থাপন করতে পেরে, খুবই আনন্দিত এবং গর্বিত লাগছে।
সর্বশেষে দর্শক হয়ে অন্যদের উপস্থাপনা উপভোগ করতে খুব মজা লেগেছে। পুরো আয়োজন বেশ উপভোগ্য ছিল।’
উল্লেখ্য, গেল বছরে অটোমোটিভ ব্র্যান্ড চেরির শুভেচ্ছাদূত নিযুক্ত হন নীল হুরেজাহান। সেই ধারাবাহিকতায় এবারও তাদের নতুন দুই গাড়ি অমোডা ও জাইকোর কি অপিনিয়ন লিডার হিসেবে কাজ করছেন তিনি।










































