সংগৃহীত ছবি
দেশ মাতানোর পাশাপাশি অস্ট্রেলিয়ায় দর্শক মাতাচ্ছে কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের চলচ্চিত্র ‘উৎসব’। ২১ জুন থেকে ‘উৎসব’ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বসবাসরত বাঙালিরা। প্রবাসী দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। যেখানে তার ছেলে সৌম্য জ্যোতি অভিনয় করেছেন।
সিনেমা দেখতে বসে ছেলের জন্য গর্বে-ভালোবাসায় কেঁদেছেন এই মা। কেঁদেছেন বাবা বৃন্দাবন দাসও।
মা দিবসসহ আরো কয়েকটি অনুষ্ঠানের জন্য গত মে মাস থেকে অস্ট্রেলিয়ায় আছে খুশি। তখন পুরো পরিবারই একসঙ্গে ছিল।
সিনেমা মুক্তির সূচি ঘোষণার পর ১৩ দিনের টিকেট শেষ হয়ে যাওয়ায় ‘উৎসব’ আদৌ দেখা যাবে কি না সেটি নিয়ে সংশয়ের পড়েন খুশির পরিবার। অবশেষে খুশি তার দুই ছেলে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস এবং স্বামী নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাসকে নিয়ে ‘উৎসব’ দেখেছেন। সিনেমা দেখে দুই ছেলেকে জড়িয়ে ধরে দর্শকদের সামনে কেঁদেছেন খুশি ও বৃন্দাবন দাস।
এই অভিনেত্রী অস্ট্রেলিয়া থেকে বলেন, ‘সিনেমাটা ঈদে মুক্তির পর থেকে এত এত প্রশংসা দেখছিলাম।
সবাই ভালো বলছিল। কেউ কেউ লিখেছিলেন টিনএজ নতুন এক জুটি পেল ঢালিউড। কেউ আবার আমির খানদের সঙ্গে তুলনা করছিলেন। ছেলেকে নিয়ে এত কথা হচ্ছিল, অথচ ছেলেটার অভিনয় দেখার সুযোগ পাচ্ছিলাম না। আবার সন্তানকে ছাড়া সিনেমা কীভাবে দেখি, সেটাও ভাবছিলাম।
’
শাহনাজ খুশি জানান, সম্প্রতি সৌম্য ও বৃন্দাবন দাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন। পরে তাঁরা একসঙ্গে সিনেমাটি দেখার পরিকল্পনা করেন। কিন্তু চারটি টিকিট মেলানো কঠিন হয়ে পড়ে। এ জন্য পরিবেশকদের বলেও রেখেছিলেন। অবশেষে গতকাল অসুস্থতার কারণে একটি পরিবার চারটি টিকিট করে ফেরত দেয়। সেই টিকিট পেয়ে আর দেরি করেননি তাঁরা। গিয়ে দেখে নেন বছরের অন্যতম প্রশংসিত চলচ্চিত্রটি।
‘উৎসব’ দেখে সন্তানের অভিনয় ও সাফল্যে কান্না চেপে রাখতে পারেননি খুশি-বৃন্দাবন দম্পতি। দর্শকদের সামনে কেঁদেছেন খুশি ও বৃন্দাবন দাস। সোশ্যাল মিডিয়াতে শাহনাজের শেয়ার করা ভিডিওতেও দেখা যায় সেই চিত্র। দর্শকদের সামনে মা ও বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন দুই ছেলে। এর পরে তাঁরা দর্শকদের সঙ্গে কথা বলেন।
‘উৎসব’ সিনেমার জাহিদ হাসান অভিনীত ‘জাহাঙ্গীর’ চরিত্রের তরুণ বয়সে দেখা গেছে সৌম্য জ্যোতিকে। সৌম্য ছাড়া আরও ছিলেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান। এটি পরিচালনা করেছেন তানিম নূর।











































