আজীবন গোল্ডেন ভিসা নিয়ে গুজব, ইউএই কর্তৃপক্ষের সতর্কবার্তা

ছবিসূত্র : খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কিছু স্থানীয় ও বিদেশি গণমাধ্যম এবং ওয়েবসাইটে ‘একাধিক দেশের নাগরিকদের জন্য আজীবন গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে’ বলে যে খবর প্রচার হচ্ছে, তা পুরোপুরি গুজব বলে জানিয়েছে ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি’ (আইসিপি)।

মঙ্গলবার (৮ জুলাই) এক সরকারি বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ইউএই-এর গোল্ডেন ভিসা প্রক্রিয়া শুধু দেশের অভ্যন্তরে সরকারি চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। কোনো দেশি বা বিদেশি পরামর্শদাতা সংস্থা এই প্রক্রিয়ার অনুমোদিত অংশ নয়।’

আইসিপি আরো জানিয়েছে, গোল্ডেন রেসিডেন্সের যেসব ধরন রয়েছে, সেগুলোর শর্ত ও নিয়ন্ত্রণ নির্ধারিত হয় ইউএই-এর প্রচলিত আইন, বিধি ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আইসিপি-এর অফিসিয়াল ওয়েবসাইট ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যাবে।

গুজব ছড়ানো সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

আইসিপি জানিয়েছে, তারা সম্প্রতি লক্ষ্য করেছে, একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে দাবি করা হয়েছে, ইউএই-এর জন্য ‘আজীবন গোল্ডেন ভিসার আবেদন’ করা সম্ভব। এই প্রেস বিজ্ঞপ্তিটি গত সোমবার (৭ জুলাই) প্রকাশিত হয় এবং কোনো আইনগত ভিত্তি বা সংশ্লিষ্ট ইউএই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ছড়ানো হয়।

কিছু ভারতীয় গণমাধ্যম ও ইউএই-ভিত্তিক কিছু প্রতিষ্ঠান এই খবর ছেপেছে, যদিও খালিজ টাইমস এই সংবাদ প্রকাশ করেনি বরং আইসিপির কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য চেয়েছে।

আইসিপি স্পষ্ট করে জানায়, তারা গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শুধুমাত্র অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিষেবা হালনাগাদ করা হয়। তারা আরো জানায়, ‘যেসব সংস্থা এই গুজব ছড়িয়েছে এবং সাধারণ মানুষের স্বপ্ন ও ভালো জীবনের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছে—তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা

সংস্থাটি সবাইকে ভুয়া খবর ও গুজবে প্রতিক্রিয়া না দেখিয়ে সব সময় অফিসিয়াল সোর্সে যাচাই করার আহ্বান জানায়।

ইউএই ভ্রমণ, বসবাস বা বিনিয়োগে আগ্রহীদের আইসিপি-এর অফিসিয়াল ওয়েবসাইট বা কল সেন্টার (৬০০৫২২২২২)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : খালিজ টাইমস

LEAVE A REPLY