রেকর্ড ট্রান্সফার ফিতে মেসিদের লিগে সন, বললেন—‘প্রথম পছন্দ ছিল না’

ছবি : এএফপি

টটেনহাম হটস্পারে দীর্ঘ দশ বছর কাটানোর পর, নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল তারকা সন হিউং-মিন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএফসি) যোগ দিচ্ছেন তিনি, সেটিও রেকর্ড ট্রান্সফার ফিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট জানিয়েছে, এলএফসি সনের জন্য ২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ পরিশোধ করেছে, যা এমএলএস ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি। এর আগে এই রেকর্ডটি ছিল আটলান্টা ইউনাইটেডের দখলে, যারা চলতি বছর মিডলসব্রো থেকে এমানুয়েল লাতে ল্যাথকে দলে টানতে খরচ করেছে ১৬.৫ মিলিয়ন পাউন্ড।

তবে এলএফসিতে আসাটা সনের পরিকল্পনায় প্রথমে ছিল না। সংবাদ সম্মেলনে সে কথা অকপটে জানালেন সন, ‘সত্যি কথা বলতে, এটা আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষে ক্লাবের সহ-সভাপতি জন থরিংটনের সঙ্গে প্রথমবার ফোনে কথা হওয়ার পর সব বদলে গেল—আমার মন, আমার চিন্তা। তিনি আমাকে বোঝালেন, আমার গন্তব্য হওয়া উচিত এখানেই।’

সনের সঙ্গে এলএফসির প্রাথমিক চুক্তি দুই বছরের, যার সঙ্গে আরো দুই বছর বাড়ানোর অপশন রাখা হয়েছে। বুধবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সন বলেন, ‘লস অ্যাঞ্জেলেস চ্যাম্পিয়নদের শহর। আমি এসেছি এখানে নতুন ইতিহাস গড়তে। শিরোপা জিততেই আমি এলএফসিতে যোগ দিয়েছি।ক্লাব, শহর আর সমর্থকদের জন্য আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিতে প্রস্তুত।’

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এলএফসির হয়ে মঙ্গলবার লিগস কাপে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএনএলের বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন। নতুন ক্লাবে পুরোনো সঙ্গী টটেনহ্যামের সাবেক গোলকিপার হুগো লরিসকেও পাচ্ছেন তিনি ।

২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহামে যোগ দেওয়ার পর ক্লাবটির জার্সিতে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন সন। গেলো মে মাসেই ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টটেনহামকে ১৭ বছর পর শিরোপার স্বাদ পাইয়ে দেন অধিনায়ক সন।

বিদায়বেলায় টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেন, ‘সনি টটেনহামের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। সে শুধু অসাধারণ ফুটবলারই নয়, একজন দারুণ মানুষও। সে আমাদের ক্লাব ও বিশ্বজুড়ে লাখো মানুষকে ছুঁয়ে গেছে। আমরা চিরকাল তার কাছে ঋণী। সে চাইলেই এই ক্লাবে ফিরে আসতে পারবে, আমাদের পরিবারের এক প্রিয় সদস্য হিসেবেই।’ 

LEAVE A REPLY