ছবিসূত্র : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বামপন্থী অ্যান্টিফা আন্দোলনকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যান্টিফা বা ‘অ্যান্টি-ফ্যাসিস্ট’ মূলত ছড়িয়ে থাকা অতিবামপন্থী গোষ্ঠীর একটি শিথিল নেটওয়ার্ক।
সোমবারের আদেশে ট্রাম্প অ্যান্টিফাকে ‘জঙ্গিবাদী ও নৈরাজ্যবাদী উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তার দাবি, এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সরকার পতনের আহ্বান জানিয়ে সহিংসতা ও সন্ত্রাসকে বাকস্বাধীনতা দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করে।
নির্দেশনায় বলা হয়েছে, আইনসম্মত রাজনৈতিক কর্মকাণ্ড দমন ও আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে যে সহিংসতা চালানো হচ্ছে, তা বিবেচনা করে অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো। এর আওতায় অ্যান্টিফা ও তাদের সমর্থনকারী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
গত ১০ সেপ্টেম্বর ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডানপন্থী কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে অভিযুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র : এএফপি, বিবিসি











































