ছবিসূত্র : এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের টাইলেনল (অ্যাসিটামিনোফেন) সেবন না করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সোমবার এই আহ্বান জানান। এ ছাড়া ট্রাম্প নবজাতক শিশুদের নিয়মিত টিকা দেওয়ার সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার দাবি তুলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, অটিজমে আক্রান্ত হওয়ার সঙ্গে শৈশবে টিকা নেওয়ার সম্পর্ক আছে।
গর্ভাবস্থায় নারীদের ব্যথানাশক টাইলেনল ওষুধ খাওয়া নিয়েও সতর্ক করেছেন তিনি। গতকাল সোমবার কোনো ধরনের বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়াই ট্রাম্প স্বাস্থ্যবিষয়ক এসব পরামর্শ দেন।
হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য খাতকে বদলে দিতে চায় প্রশাসন। তবে চিকিৎসা ও বিজ্ঞান অঙ্গনের বহু বিশেষজ্ঞ প্রশাসনের এসব পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন।
দশকের পর দশক ধরে চিকিৎসকরা গর্ভাবস্থায় ব্যথা ও জ্বর কমাতে অ্যাসিটামিনোফেনকে সবচেয়ে নিরাপদ ওষুধগুলোর একটি হিসেবে উল্লেখ করে আসছেন। কারণ জ্বর ও তীব্র ব্যথা মা ও গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবু ট্রাম্প দাবি করেন, ‘টাইলেনল খাওয়া ভালো নয়।’
তিনি বলেন, ‘চিকিৎসাগত প্রয়োজন ছাড়া গর্ভাবস্থায় টাইলেনল সীমিত রাখতে নারীদের আমরা জোরালোভাবে সুপারিশ করছি।
উদাহরণস্বরূপ, যদি খুব বেশি জ্বর হয় এবং সহ্য করা যায় না—শুধু তখনই এই ওষুধ খেতে পারবেন।’
সংবাদ সম্মেলনে ট্রাম্প নবজাতকদের জন্য হেপাটাইটিস-বি টিকা অবিলম্বে দেওয়ার পরিবর্তে বিলম্বিত করার দাবি তোলেন। তিনি বলেন, ‘নবজাতককে হেপাটাইটিস-বি-এর টিকা দেওয়ার কোনো কারণ নেই, আমি বলব অন্তত ১২ বছর বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।’
ট্রাম্পের এই বক্তব্য বহু দশকের চিকিৎসা-সম্মত নীতির সরাসরি বিপরীত। চিকিৎসকরা বলেছেন, হেপাটাইটিস-বি মায়ের কাছ থেকে শিশুর মধ্যে সংক্রমিত হতে পারে।
ফলে যকৃতের ক্ষতি ও ক্যানসারের কারণ হতে পারে। তাই জন্মের প্রথম দিনেই নবজাতককে টিকা দেওয়া সেরা উপায়।
স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের নির্বাচিত একটি উপদেষ্টা প্যানেল হেপাটাইটিস বি-এর প্রথম ডোজ এক মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে একমত হতে পারেনি এবং আরো আলোচনার পরামর্শ দিয়েছে। ট্রাম্পের বক্তব্য এমন সময়ে সামনে এসেছে।
অটিজমের কারণ অনুসন্ধান ট্রাম্পের স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের ব্যক্তিগত অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে তিনি টিকা ও অটিজমের মধ্যে সম্পর্কের অগ্রহণযোগ্য দাবি ছড়িয়ে আসছেন। তিনি লিউকোভোরিনকে (ভিটামিন বি-এর একটি রূপ) অটিজম আক্রান্ত শিশুদের জন্য ‘রোমাঞ্চকর চিকিৎসা’ হিসেবে বর্ণনা করেছেন। যা প্রথমে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে ব্যবহৃত হতো।
এফডিএ সোমবার জানিয়েছে, সেরিব্রাল ফোলেট ঘাটতিতে থাকা শিশুদের জন্য লিউকোভোরিন ট্যাবলেট আকারে অনুমোদন দেওয়া হয়েছে। অ্যাসিটামিনোফেনকে লক্ষ্য করে ট্রাম্প সরকারের নতুন মনোযোগ চিকিৎসক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠনসহ (আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিসিয়ান্স এন্ড জিনেকোলজিস্টস) বিভিন্ন সংস্থা গর্ভবতী নারীদের জন্য টাইলেনলকে সবচেয়ে নিরাপদ ওষুধগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে। তবে দীর্ঘমেয়াদি ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়। অন্যদিকে বিশেষ করে ২০তম সপ্তাহের পর আইবুপ্রোফেন সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ নয়।
সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা বলেছে, গর্ভাবস্থায় টাইলেনলের ব্যবহার ও অটিজমের মধ্যে একটি সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে, যদিও অন্য গবেষণায় বিপরীত ফল পাওয়া গেছে। গবেষকরা বলেছেন, আরো গভীরভাবে অধ্যয়ন করা দরকার এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডেভিড ম্যান্ডেল বলেন, ‘গর্ভাবস্থায় টাইলেনলের ঝুঁকি সম্ভবত নিয়ন্ত্রণহীন সংক্রমণের ঝুঁকির চেয়ে কম।’
কোয়ালিশন অফ অটিজম সায়েন্টিস্টসের পক্ষ থেকে বলা হয়, ‘বৈজ্ঞানিক প্রমাণ এখনো অস্পষ্ট। সম্ভাব্য সম্পর্ককে নিশ্চিত দাবি হিসেবে উপস্থাপন করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও ঝুঁকিপূর্ণ।’ সংগঠনটি আরো বলেছে, ‘ট্রাম্পের এই ঘোষণা জনমনে বিভ্রান্তি ও ভয় তৈরি করবে।’
সূত্র : এএফপি









































