মাত্র ১৪ বছর বয়সে ছক্কার রেকর্ড ভাঙলেন বৈভব সুর্যবংশী

বৈভব সুর্যবংশী। ছবি : রয়টার্স

ভারতের ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সুর্যবংশী যুব ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছক্কার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে বুধবার দ্বিতীয় ভারত অনূর্ধ্ব-১৯ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ম্যাচে তিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলেন।

সুর্যবংশী দেশেরই আরেক ক্রিকেটার উন্মুক্ত চাঁদের আগের রেকর্ড (৩৮ ছক্কা) ভেঙে নিজের ৩৯তম ছক্কা হাঁকান। মাত্র ১০ ইনিংসে এই রেকর্ড গড়ে ফেলেন তিনি, যেখানে চাঁদের লেগেছিল ২১ ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের ইনিংসে ৬টি ছক্কা হাঁকানোর পর তিনি আউট হন প্রতিপক্ষ অধিনায়ক ইয়াশ দেশমুখের বলে, অসাধারণ ক্যাচ নেন আরিয়ান শর্মা।

এখন পর্যন্ত সুর্যবংশীর ঝুলিতে রয়েছে ৫৪০ রান ও ৪১ ছক্কা। ভারতের হয়ে যুব ওয়ানডেতে তার পরেই আছেন উন্মুক্ত চাঁদ (৩৮) ও যশস্বী জয়সওয়াল (৩০)।

মাত্র ১৪ বছর বয়সেই বৈভব একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন।

এর আগে তিনি আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক করে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হন। রঞ্জি ট্রফিতেও মাত্র ১২ বছর ২৮৪ দিনে অভিষেক করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন।

তিনি ৫২ বলে দ্রুততম যুব ওয়ানডে শতক হাঁকিয়ে ভেঙেছেন পাকিস্তানের কামরান গুলামের রেকর্ড (৫৩ বলে শতক)। একই ইনিংসে ভারতের হয়ে এক ম্যাচে সর্বাধিক ছক্কার (১০) রেকর্ডও তার দখলে।

১৩ বছর ১৮৮ দিনে তিনি হয়ে উঠেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এছাড়া অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে শতক হাঁকিয়ে ভারতের দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি।

LEAVE A REPLY