১১.৩ মিলিয়ন ডলার ঘাটতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজ থেকে আয় বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ১৩ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৭৩ লাখ মার্কিন ডলার) ঘাটতিতে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বৃহস্পতিবার সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, নতুন ঘরোয়া মিডিয়া চুক্তি ও ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩.৭ মিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ মিলিয়ন ডলার বেশি।

তবে ব্যয় বেড়েছে ২৪.১ মিলিয়ন ডলার, যার মধ্যে ছিল ভারতের সিরিজের বিপণন খরচ এবং জাতীয় দলের অতিরিক্ত সফরের ব্যয়। সদস্য রাজ্যগুলোর মধ্যে বিতরণকৃত অর্থ সামান্য বেড়ে ১২০.৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আর্থিক ঘাটতির জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে কঠোর সমালোচনা করেছে ক্রিকেট ভিক্টোরিয়া। সংস্থাটির চেয়ারম্যান রস হেপবার্ন বলেন, ‘২০১৯ সাল থেকে কোভিড-১৯ ও বিশ্বকাপ রাজস্ব বাদ দিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার হিসাব প্রতি বছরই ঘাটতি দেখাচ্ছে।’

তবে আশার খবরও দিয়েছে সংস্থাটি। প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ ও ভারতের বিপক্ষে হোয়াইট-বল সিরিজ থেকে উল্লেখযোগ্য মুনাফা আশা করছে সিএ।

এর মাধ্যমে সংস্থাটি আবার আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবে বলে আশা করছেন তিনি।

এছাড়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিএ, যাতে টুর্নামেন্টের প্রতিযোগিতা বাড়ানো যায়। তবে সদস্য রাজ্যগুলোর সমর্থন পাওয়া এখন সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY